বয়স্ক ভাতার টাকা হাওয়া!
ভোলা সোনালী ব্যাংক মহাজনপট্টি শাখার কর্মকর্তারা বিধবা এক বৃদ্ধার বয়স্ক ভাতার বই গায়েব করে তাঁর নামের সাত মাসের টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরনোয়াবাদ গ্রামের মৃত জালাল আহাম্মেদের স্ত্রী সামন্ত বানু (৭০) লিখিতভাবে এ অভিযোগ করেন। গত মঙ্গলবার ভোলা প্রেসক্লাব সভাপতির কাছে তিনি অভিযোগটি দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সামন্ত বানু গত অক্টোবরে সোনালী ব্যাংকের ভোলা পৌরসভার মহাজনপট্টি শাখায় বয়স্ক ভাতা তোলার জন্য ব্যাংকের কর্মকর্তার কাছে নিয়ম অনুসারে ভাতার বই জমা দেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সবাই টাকা নিয়ে চলে গেলেও তাঁকে নাম ধরে না ডাকায় সামন্ত বানু দায়িত্বশীল কর্মকর্তার কাছে গিয়ে টাকা চান। তখন কর্মকর্তা তাঁকে জানান, এ নামে কোনো বই নেই। পরে তিনি বাড়ি ফিরে বিষয়টি তাঁর বাড়ির পাশের বেসরকারি সংস্থা গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেনকে জানান। তিনি সংস্থার সমন্বয়কারী মো. আজাদ হোসেনকে বিষয়টি দেখার দায়িত্ব দেন। গত ২২ জানুয়ারি ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ ইউনুসকে বিষয়টি জানালে তিনি বলেন, সামন্ত বানুর নামে কোনো বয়স্ক ভাতার কার্ড নেই এবং তিনি কোনো ভাতাবই রেখে যাননি। এরপর বিষয়টি ভোলা শহর সমাজসেবা কার্যালয়ে জানালে সমাজসেবা কর্মকর্তা রেজিস্টার দেখে সামন্ত বানুর নাম খুঁজে পান। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২৮ ফেব্রুয়ারি সমাজসেবা কার্যালয় থেকে তাঁকে আরেকটি বয়স্ক ভাতার বই দেওয়া হয়। ৫ জুন ওই বই নিয়ে সোনালী ব্যাংকে গেলে ব্যবস্থাপক বলেন, ‘সামন্ত বানু এই কিস্তির ৯০০ টাকাসহ সাত মাসের ভাতা দুই হাজার ১০০ টাকা তুলে নিয়ে গেছেন।’ প্রকৃতপক্ষে সামন্ত বানু ব্যাংক কর্তৃপক্ষকে বই দেওয়ার পরে কোনো টাকা তোলেননি।ব্যাংকের ব্যবস্থাপক মুহামঞ্চদ ইউনুস বলেন, ‘সামন্ত বানুর ভাতাবই হারিয়েছে এবং তাঁর নামের সাত মাসের টাকা তুলে নেওয়া হয়েছে—সবই সত্য। কিন্তু এর সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তা-কর্মচারী জড়িত নন। তবে সমাজসেবা কার্যালয় নতুন বই ইস্যু করার বিষয়টি আমাদের জানায়নি, তাহলে সামন্ত বানুর টাকাটি কেউ নিতে পারত না।’