বয়স্কভাতা তুলতে গিয়ে লাশ হয়ে ফিরলেন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গতকাল রোববার আবদুল রাশেদ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ বয়স্কভাতা তুলতে গিয়ে মারা গেছেন। সারা দিন ভাতার জন্য অপেক্ষার পর বিকেলে অসুস্থ হয়ে তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার তেয়ারিপুর গ্রামে।
বয়স্ক ভাতা নিতে আসা কয়েকজন বৃদ্ধ বলেন, গতকাল সকাল আটটার দিকে রাশেদ মিয়া বয়স্ক ভাতা নেওয়ার জন্য বাড়ি থেকে সোনালী ব্যাংকের ভান্ডারিয়া শাখায় আসেন। কাজের চাপ থাকায় ব্যাংক কর্তৃপক্ষ বয়স্ক ভাতা দিতে দেরি করে। সারা দিন না খেয়ে ভাতার জন্য অপেক্ষা করতে থাকেন রাশেদ। বিকেল পাঁচটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রতিবেশী দেলোয়ার হোসেন তাঁকে বাড়িতে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম ও ইউএনও রুহুল কুদ্দুস ঘটনাস্থলে যান। সন্ধ্যায় স্থানীয় লোকজন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা চেয়ারম্যান পরিস্থিতি শান্ত করেন।
সোনালী ব্যাংক ভান্ডারিয়া শাখার ব্যবস্থাপক মো. মহিউদ্দিন তালুকদার বলেন, ব্যাংকে জনবল কম থাকায় বয়স্ক ভাতা দিতে বিলম্ব হয়েছে।