বয়স্কভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে কুষ্টিয়া শহরের আলফামোড়ে গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে অবৈধ ট্রলির (শ্যালো ইঞ্জিনচালিত যান) চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃদ্ধ আদ্দিনাথ রায় (৭০) ব্যাংক থেকে বয়স্কভাতার টাকা তুলে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার পরপরই স্থানীয় জনতা ইটবোঝাই ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। তারা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবোঝাই ট্রলি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চালক পালিয়ে গেলে জনতা ইটগুলো সড়কের ওপর ফেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাঁরা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।এলাকার অনেকে অভিযোগ করেন, আলফামোড় এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার লোকজন ১০ টাকার টোকেনের মাধ্যমে অবৈধ নছিমন, করিমন, আলগামন ও ট্রলি চলাচলের অনুমোদন দেয়। কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মোল্লাতেঘরিয়া, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস মোড় এবং কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়া বাজারে চৌকি বসিয়ে টাকা নেওয়া হচ্ছে। পৌরসভা টাকা আদায় করলেও বেশির ভাগ যানবাহন চলাচল করছে সড়ক ও জনপথ বিভাগের তৈরি মহাসড়ক দিয়ে।কুষ্টিয়া সুশীল সমাজের প্রতিনিধি অনুপকুমার নন্দী বলেন, ‘শহরের আবাসিক এলাকায় নছিমন-করিমন বেপরোয়াভাবে চলাচল করে। ছেলেমেয়েদের নিয়ে আতঙ্কে থাকতে হয়।’তবে পুলিশের একটি সূত্র জানায়, এসব যানবাহন চলাচলের জন্য পুলিশ কর্মকর্তারা নিয়মিত মাসোহারা পান।প্রথম আলোয় ৮ অক্টোবর ‘পৌরসভার রাস্তার ক্ষতিপূরণ মহাসড়ক থেকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।