বয়স্কভাতা পেলেন বাড়ির মালিক চা-বিক্রেতা ফিরলেন শূন্য হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থ ও দরিদ্ররা বয়স্কভাতার টাকা পাওয়ার কথা। কিন্তু দরিদ্র এক চা-বিক্রেতাকে না দিয়ে তাঁরই প্রতিবেশী তিনটি বাড়ির মালিককে দেওয়া হলো ভাতার ওই টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর বয়স্কভাতা পান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন মো. আবুল হাশেম (৬২)। তিনি ঢাকার সাভারের আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজীরচট গ্রামের বাসিন্দা। তালিকায় নাম থাকার পরও তাঁরই প্রতিবেশী দরিদ্র আলফাজ উদ্দিন (৬৫) বয়স্কভাতা থেকে বঞ্চিত হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে খবর পেয়ে বয়স্কভাতার জন্য আবুল হাশেম গত ২৩ ডিসেম্বর সকালে প্রতিবেশী আলফাজ উদ্দিনকে নিয়ে জনতা ব্যাংক, সাভার গণস্বাস্থ্য শাখায় যান। বিকেল পর্যন্ত অপেক্ষা করে আবুল হাশেম গত জুলাই-ডিসেম্বর ছয় মাসের এক হাজার ৮০০ টাকা ভাতা পান ঠিকই। কিন্তু আলফাজ উদ্দিনকে ফিরতে হয় শূন্য হাতে। অথচ দুজনকেই ভাতার জন্য ব্যাংকে যেতে বলা হয়েছিল।স্থানীয় অধিবাসীরা জানায়, আশুলিয়ার বিভিন্ন এলাকায় আবুল হাশেমের তিনটি পাকা বাড়ি আছে। এ ছাড়া ওই এলাকায় তাঁর বেশ কিছু জমি রয়েছে। তাঁর দুই ছেলে চাকরি করেন জাহাজে। আর আলফাজ উদ্দিনের সংসার কোনো রকমে চলে। মাথা গোঁজার দেড় শতাংশ জমি থাকলেও অভাব তাঁর নিত্য সঙ্গী। রাস্তার পাশে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে চা বিক্রি করে যা পান, তাই দিয়ে স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে তাঁর সংসার চলে। তাঁর আরও চার ছেলে আছে। কিন্তু তাঁরা মা-বাবার খোঁজ রাখেন না।আবুল হাশেম জানান, গত ২১ ডিসেম্বর স্থানীয় এক গ্রাম পুলিশ এসে তাঁর কাছ থেকে ছবি নিয়ে যান। এর একদিন পর তাঁকে বয়স্কভাতার টাকার জন্য জনতা ব্যাংকে যোগাযোগ করতে বলা হয়। এ জন্য তিনি কোনো তদবির করেননি। তিনি আশুলিয়া এলাকায় তিনটি পাকা বাড়ি ও জমিজমা থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি বৃদ্ধ, তাই ভাতা পেয়েছি। এটা আমার অধিকার। এ ক্ষেত্রে ধনী-গরিব কোনো বিষয় না।’ তাঁর দুই ছেলে জাহাজে চাকরি করেন বলেও তিনি স্বীকার করেন। পাশাপাশি তিনি এ-ও স্বীকার করেন, আলফাজের মতো দরিদ্র মানুষের ভাতা পাওয়া উচিত ছিল। আলফাজ উদ্দিন বলেন, ‘লিস্টে (তালিকা) আমার নামও আচিল। কিন্তু পরে আমার নাম কাইটা, হেই জায়গায় আবুল হাশেম সাহেবের নাম বসাইয়া দিচে। আমার সংসার চলে না। আর যার টাকার অবাব নাই হে বাতা পাইল।’ ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহাদত হোসেন খান বলেন, তালিকায় থাকলেও বাছাইয়ের সময় উপস্থিত না থাকায় আলফাজ উদ্দিনকে বাদ দিয়ে আবুল হাশেমের নাম দেওয়া হয়েছে।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাব্বি মিয়া বলেন, ‘আবুল হাশেমের মতো ধনাঢ্য ব্যক্তিকে বয়স্কভাতা দেওয়া উচিত হয়নি। বিষয়টি লিখিতভাবে আমাকে জানানো হলে আলফাজ উদ্দিনকে ভাতা দেওয়ার ব্যবস্থা করব।’