‘নাম- বানু বেগম। বয়স ৬৬। স্বামী সুলতান মিয়া। বয়স্ক ভাতা কার্ড নম্বর-৩২৪৬। বয়স্কভাতা পাচ্ছেন ২০০৬ সালের ১ জুলাই থেকে।’ সিলেট শহর সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ে ছবিসহ এভাবেই বানু বেগমের বয়স্কভাতা সম্পর্কিত তথ্য রয়েছে। ‘বয়স ৬৬’ হিসেবে বয়স্কভাতার কার্ডধারী এই বানু বেগমই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে (সিওমেক) চলতি মাসের ৮ তারিখ ৩০ বছর বয়সী হিসেবে চতুর্থ শ্রেণীর কর্মচারি পদে নিয়োগ পেয়েছেন! প্রথম আলোর অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। সরকারি চাকুরির জন্য প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে একজন বয়স্কভাতার কার্ডধারী কী করে চাকুরি পেলেন? এ প্রশ্ন তোলে গতকাল সোমবার নিয়োগ কমিটি কয়েকজন সদস্যের মুখোমুখি হলে তাঁদের দায়সারা জবাব, ‘হয়তো বাছাইয়ে ভুল হয়েছে!’কলেজের প্রশাসন শাখা সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি স্টেনোটাইপিস্ট পদে একটি, হেলথ এডুকেশন পদে একটি, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক পদে দুটি, কুক পদে দুটি, সুইপার পদে দুটি এবং এমএলএসএস পদে ২৫টি শূণ্য পদে সরকারি বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি আহ্বান করা হয়। এতে দুই হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ জানুয়ারি আবেদনকারীদের লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার ১৯৭ উত্তীর্ণ হয়। গত ২৫ ফেব্রুয়ারি এঁদের মৌখিক পরীক্ষা হয়। এরপর ৩৩ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্রে (স্মারক নম্বর ২০১০/৫৬১) দেখা গেছে, বয়স্কভাতার কার্ডধারী বানু বেগমকে সুইপার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর বেতন স্কেল সাত হাজার ৭০০ টাকা। গত ৮ মার্চ তিনি চাকরিতে যোগদান করেন। অথচ নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকুরিতে আবেদনকারীদের বয়স গত ১৬ জানুয়ারিতে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়ার কথা বলা হয়েছে। জানা গেছে, কলেজের তত্কালিন অধ্যক্ষ এম এ আহবাব নিয়োগ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। গত ১১ মার্চ অবসরে যান। অবসরে যাওয়ার আগে তিনি ৩৩ জন প্রার্থীর নিয়োগপত্র বন্টন করেন। অভিযোগ উঠেছে, বানু বেগম ছাড়াও তাঁর ব্যক্তিগত চেম্বারের সহকারী মো. ছোয়াদ আলীকে এমএলএসএস পদে নিয়োগ দিয়েছেন। এ ব্যাপারে বানু বেগম বয়স চুরির বিষয়টি স্বীকার করে বলেন, তাঁর বয়স ৪৫। তিন ছেলে-মেয়ের মধ্যে এক ছেলের বিয়ে দিয়েছেন। ২০০৬ সালে সিটি করপোরেশনের একজন কাউন্সিলর তাঁকে বয়স্কভাতার কার্ড করে দিয়েছেন এবং ভাতা পাচ্ছেন। বয়স চরি করে চাকরি কী করে পেলেন? এমন প্রশ্নে বানু বলেন, ‘আমারে বড় স্যার (অধ্যক্ষ) দয়া করে দিছইন!’সিলেট শহর সমাজসেবা কর্মকর্তা আবদুর রফিক প্রথম আলোর কাছে বানু বেগমের বয়স্কভাতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০০৮ সালে তিনি বর্তমান কার্যালয়ে যোগদান করেছেন। বানু বেগমের কার্ড হয়েছে ২০০৬ সালে।নিয়োগ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালনকারী বর্তমানে কলেজ অধ্যক্ষ অসুল আহমেদ চৌধুরী বয়স্কভাতার কার্ডধারীর চাকুরি হওয়ার ব্যাপারে তিনি অবহিত নন বলে জানান। এ ব্যাপারে তিনি নিয়োগ কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী কলেজের তত্কালিন অধ্যক্ষ এম এ আহবাবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সদস্য সচিব হয়েও নিয়োগসংক্রান্ত বিষয় অজানা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব বিষয় দেখার জন্য একটি বাছাই কমিটি ছিল। তাঁদের বাছাইয়ে ভুল থাকলে থাকতেও পারে।’ তিনি জানান, সরকারি চাকুরি হলেও তা দুই বছর পর স্থায়ী হবে। নিয়োগ হওয়া কোনো প্রার্থী ভুল তথ্য দিলে অবশ্যই তাঁর নিয়োগ বাতিল হয়ে যাবে।নিয়োগ কমিটির সভাপতির দায়িত্ব পালনকারী এম এ আহবাবের সঙ্গে মুঠোফেনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘প্রায় ছয় মাস হয় আমি এলপিআরে (অবসরকালীন ছুটি) রয়েছি। তবে অবসরে যাওয়ার আগেই আমি সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এসেছি।’ বয়স্কভাতাধারর নিয়োগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি জানিনা। আমার কাছে কেবল লিখিত তথ্যাদি ছিল।’ ব্যক্তিগত চেম্বারের সহকারীর নিয়োগ হওয়া প্রসঙ্গে আহবাব বলেন, ‘সে (মো. ছোয়াদ আলী) আমার চেম্বারের সহকারী নয়, মাঝে মধ্যে এসে সহায়তা করে।’