বয়া ও বিকন বাতির সংকট ঝুঁকি নিয়ে চলছে নৌযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌপথ। শুধু ঈদ সামনে রেখে প্রতিবছর এ পথে ৫০ লাখ মানুষ লঞ্চযোগে দক্ষিণাঞ্চলে যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এ পথের বিভিন্ন স্থানে পথনির্দেশক বয়া ও বিকন বাতি না থাকায় প্রতিনিয়ত ঘটছে লঞ্চ দুর্ঘটনা।গত শুক্রবার রাতে বাতি না থাকায় রুট পরিবর্তন করে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কালাম খান লঞ্চটি চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকার মেঘনার ডুবোচরে আটকে গেছে। গতকাল শনিবার বেলা তিনটায় সেখান থেকে অন্য লঞ্চের সহযোগিতায় লঞ্চটি উদ্ধার করা হয়।পারাবত লঞ্চের মাস্টার আবদুল মালেক বলেন, পানি বেড়ে যাওয়ায় অনেক চর এখন পানিতে ডুবে আছে। বয়া, মার্কা ও লাল বাতি না থাকায় পথ হারিয়ে ফেলতে হয়। বিশেষ করে, ভাষানচর, বাগদিয়া, শায়েস্তাবাদ, বাবনীর চর এলাকায় বয়া ও বিকন বাতি না থাকায় সমস্যা হচ্ছে।মাস্টার মো. সামসুদ্দিন আহম্মেদ বলেন, ছয় মাস ধরে মেঘনার লালখারাবাদে লাল বাতি নেই। গত শুক্রবার রাতে ঢাকা থেকে যাত্রা করে মাত্র দুটি লঞ্চ বরিশালে পৌঁছায়। লাল বাতি ও বয়া না থাকায় গতকাল বেলা তিনটা পর্যন্ত কালাম খানসহ বেশ কয়েকটি লঞ্চ চাঁদপুরের আলুবাজার এলাকায় চরে আটকা পড়ে।লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার একিন আলী বলেন, নদীর চরের কারণে গতকাল শনিবার মেহেন্দীগঞ্জের বামনীর চরে দুটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ায় ওই চ্যানেলটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি মাস্টার আবুল হাসেম বলেন, ‘আমাদের নৌরুটে প্রয়োজনীয় সংখ্যক বয়া, মার্কার, লাল ও সাদা বাতি নেই। ঝুঁকির মধ্যেই জাহাজ পরিচালনা করতে হচ্ছে।বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নওয়াজ বলেন, এখন প্রায় সব স্থানেই বয়া বাতি আছে। তবে মার্কারগুলো অনেক সময় জেলেরা নিয়ে যায়। এতে সমস্যায় পড়তে হয়।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, নৌপথ সংরক্ষণে অনেক সমস্যা রয়েছে। বয়া বাতি, বিকন বাতি অনেক সময় চুরি হয়ে যায়। এ ক্ষেত্রে শুধু মন্ত্রণালয় নয়, সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। তবে ঈদের সময় যাতে যাত্রীদের দুর্ভোগ না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।