বয়ারচর থেকে দুটি লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচরের পৃথক স্থান থেকে আজ সোমবার দুপুরে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এঁদের একজনের নাম মো. জুয়েল এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
চরলক্ষ্মী এলাকার (৯ নম্বর ওয়ার্ড) ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন জানান, উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার বয়ারচরের দুটি পৃথক স্থানে দুজনের লাশ দেখতে পাওয়া যায়। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তিনি জানান, আজ সকালে বয়ারচরে গাবতলী স্লুইসগেটের কাছে মেঘনা নদীতে মো. জুয়েল (২৩) নামের এক তরুণের লাশ দেখতে পাওয়া যায়। জুয়েল পেশায় জেলে। তিনি বয়ারচরের রুহুল আমিন সমাজের আবদুজ জাহেরের ছেলে।
হেলাল উদ্দিন আরও জানান, বয়ারচরের রুহুল আমিন সমাজের অদূরে গতকাল রবিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ ভাসতে দেখা যায়। ভাটার স্রোতে লাশটি ওই এলাকার একটি ধানখেতে আটকে যায়।
দুই ব্যক্তির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন। তিনি জানান, জুয়েল দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে তাঁর পরিবার ও এলাকার লোকজন জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে মাছধরার ট্রলারে কাজ করতে গিয়ে আকস্মিক খিঁচুনি উঠে তিনি অজ্ঞান হয়ে নদীতে পড়ে মারা যান। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অজ্ঞাত লাশের ব্যাপারে ওসি বলেন, লাশটি পুরোপুরি গলিত অবস্থায় ছিল। তাঁর বয়স অনুমান করা যাচ্ছে না। চরগাজী ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য ও এলাকার লোকজনের উপস্থিতিতে ঘটনাস্থলের পাশে লাশটি দাফন করা হয়েছে।