ভক্তের ভিড়ে, গানে মুখর ছেঁউড়িয়ার আখড়াবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখড়াবাড়ির আশপাশ আর কালি নদীর পাড়ে ছোট ছোট শামিয়ানা। সমাগত ব্যক্তিদের বেশির ভাগের গায়ে জড়ানো গেরুয়া। হাতে তাঁদের একতারা, মুখে বাঁশি আর গানের সুর। এভাবেই আধ্যাত্মিক গানে গানে এখন মুখর কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি।
গতকাল শুক্রবার ছিল বাউলসম্রাট ফকির লালন শাহর ১২৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে সারা দেশে থেকে হাজারো ভক্ত-অনুসারী জমায়েত হয়েছেন ‘সাঁইজির’ পুণ্যভূমিতে। তাঁরা এসেছেন সাধু সঙ্গের জন্য। বাউলদের মতে, এটা তাঁদের মহামিলনের জায়গা। আত্মার সঙ্গে আত্মার ভাব বিনিময়ের স্থান।
গতকাল দুপুরের পর থেকে আখড়াবাড়িতে বাউল-সাধুদের সমাগম বাড়তে থাকে। প্রথমেই তাঁরা সারিবদ্ধভাবে লালনের মাজারে গিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এরপর কেউ কেউ ফুল ছিটিয়ে একতারা নিয়ে গান ধরছেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে এসেছেন তুফান শাহ। বয়স ৯০ ছুঁই ছুঁই। তিনি জানালেন, ২২ বছর বয়স থেকে আখড়াবাড়িতে আসছেন। একসময় এই আখড়াবাড়িতে আম-তেঁতুলের বড় বড় গাছ ছিল। সেই গাছের নিচে গোল হয়ে বসে সাঁঝবাতি জ্বালিয়ে গান হতো। এখন আর সেই অবস্থা নেই। সবকিছু বদলে যাচ্ছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় কালি নদীর পাড়ে মূল মঞ্চে লালন একাডেমির আয়োজনে পাঁচ দিনব্যাপী লালন মেলা ও সংগীতানুষ্ঠান শুরু হয়। এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তারা এতে বক্তব্য দেন।
পরে লালন একাডেমির শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন। এরপর শুরু হয় বাউলশিল্পীদের গান। রাত যত বাড়তে থাকে, মাজার চত্বরে গানও জমে ওঠে তত।