ভগ্নিপতি হত্যার দায়ে শ্যালকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যার দায়ে শ্যালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম নিপাত কর্মকার। গতকাল রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় দেন।
পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ২ অক্টোবর ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার রামগড় চা-বাগানের শ্রমিক হরিমোহন রায়কে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী দীপালী কর্মকার বাদী হয়ে ভাই নিপাত কর্মকারকে আসামি করে ভূজপুর থানায় ৪ অক্টোবর হত্যা মামলা করেন। তদন্ত শেষে পরের বছর ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০৯ সালের ৪ আগস্ট নিপাত কর্মকারের বিচার শুরু হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল আদালত এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।