ভগ্নিপতিকে হত্যার দায়ে শ্যালকের যাবজ্জীবন
চট্টগ্রামের ফটিকছড়িতে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যার দায়ে শ্যালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম নিপাত কর্মকার। আজ রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরে আলম এ রায় দেন।
পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ২ অক্টোবর ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার রামগড় চা-বাগানের শ্রমিক হরিমোহন রায়কে পিটিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত হরিমোহনের স্ত্রী দীপালি কর্মকার বাদী হয়ে তাঁর ভাই নিপাত কর্মকারকে আসামি করে ভূজপুর থানায় ৪ অক্টোবর একটি হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, দীপালির সঙ্গে তাঁর স্বামীর ঝগড়ার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে দীপালির ভাই ভগ্নিপতিকে মারধর করেন। তদন্ত শেষে পরের বছরের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০৯ সালের ৪ আগস্ট আসামি নিপাত কর্মকারের বিরুদ্ধে বিচার শুরু হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।