ভটভটি উল্টে চাচা-ভাতিজা নিহত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়ায় ভটভটি উল্টে দুজন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কালাই উপজেলার নিমেরপাড়া গ্রামের অছিমদ্দিন (৫২) ও তোফাজ্জল হোসেন (৪০)। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা।
থানা-পুলিশ ও স্থানীয় কয়েকজনের ভাষ্য, পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামে পীরের আস্তানায় নবান্ন উৎসবে যোগ দেওয়ার উদ্দেশে গতকাল বিকেলে নিমেরপাড়া গ্রাম থেকে অছিমদ্দিন ও তোফাজ্জলসহ নয়জন ভটভটিতে করে যাচ্ছিলেন। সন্ধ্যার দিকে পাঠানপাড়া অতিক্রম করার সময় সামনের চাকা ভেঙে যাওয়ায় ভটভটিটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে যাত্রীদের সবাই চাপা পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অছিমদ্দিন ও তোফাজ্জলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথে রাত নয়টার দিকে দুজনই মারা যান।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বর্মণ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। আহত সাত যাত্রী কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে সবাই আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন।