নীলফামারীর সৈয়দপুরে ভটভটির চাপায় গত রোববার একজন ভ্যানচালক নিহত হয়েছেন। মাদারীপুর ও ঝিনাইদহে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বদরগঞ্জ (রংপুর): লালদীঘি-সৈয়দপুর সড়কের নীলফামারীর সৈয়দপুর উপজেলার মটারেরপড় এলাকায় রোববার ধানবোঝাই ট্রলি সংযুক্ত শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটি একটি রিকশাভ্যান ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ভ্যানচালক রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর পরামাণিকপাড়া গ্রামের আবদুর রশিদ (৪৫) নিহত হন।আবদুর রশিদ রিকশাভ্যান নিয়ে রোববার সন্ধ্যার আগে নীলফামারীর সৈয়দপুরে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত ১০টায় তিনি দুর্ঘটনায় প্রাণ হারান। স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আবদুর রশিদের স্ত্রী মালেকা বেগম (৩৫)। মালেকা বেগমের কাছ থেকে জানা গেছে, ছোট মেয়ে রাশেদা শনিবার তার বাবার কাছে গোস্ত খাওয়ার আবদার করেছিল। আবদুর রশিদ এতই গরিব যে ভ্যান চালিয়ে যা টাকা পান, চাল-ডাল কিনতেই তা শেষ হয়ে যায়। গত পাঁচ মাসে তাঁরা গোস্ত খেতে পারেননি। তাই মেয়ের জন্য গোস্তের টাকা জোগাড় করতে আবদুর রশিদ রোববার ভ্যান নিয়ে বের হন। ওই দিন রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হলে স্থানীয় লোকজন তাঁর মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। মালেকা বেগম আক্ষেপ করে বলেন, ‘আমার মেয়ের গোস্ত খাওয়ার সাধ আর পূরণ হলো না।’মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় গতকাল সোমবার বাসচাপায় মোটরসাইকেলচালক রবিউল তালুকদার (২০) নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার খাগছাড়া গ্রামে।ঝিনাইদহ: সদর উপজেলার চাঁনপাড়া-বাগমারা সেতুর রেলিং ভেঙে গতকাল সোমবার একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ওই ট্রাকচালকের সহকারী মারা যান। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।