ভটভটি চলাচলের অনুমতির দাবিতে চার দিনের সময়সীমা
রাজশাহীর সব পথে দেশীয় প্রযুক্তিতে তৈরি শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন (ভটভটি-নছিমন-করিমন) চলাচলের অনুমতি ও আইনি বৈধতা দেওয়াসহ চার দফা দাবিতে চার দিনের সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়েছেন মালিক ও শ্রমিকেরা। এ ব্যাপারে গতকাল রোববার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশি এসব মোটরযানের মাধ্যমে রাজশাহীতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এ যানবাহনের মাধ্যমে সহজে ও কম খরচে তাঁদের মালামাল পরিবহন করতে পারেন। ফলে গ্রামীণ অর্থনীতিতে এ মোটরযান অপরিহার্য হয়ে পড়েছে৷ কিন্তু বাস-ট্রাক মালিক-শ্রমিকেরা ধর্মঘটের নামে রাষ্ট্রকে জিম্মি করে ফেলেছেন। দেশে তৈরি যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে বেকার বানানো হয়েছে।
স্মারকলিপি পেশের পর ভটভটি-নছিমন-করিমন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জেলা সভাপতি আকবর আলী সাংবাদিকদের বলেন, এসব যানবাহন বন্ধ করে দেওয়ায় এর সঙ্গে জড়িত অনেক শ্রমিক এখন তাঁদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।