ভটভটিতে করে ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভটভটিতে করে ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করছে পরীক্ষার্থীরা। উপজেলার আটমুল-আলীয়ার হাট সড়ক থেকে গতকাল তোলা l ছবি: প্রথম আলো
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ভটভটিতে করে ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করছে পরীক্ষার্থীরা। উপজেলার আটমুল-আলীয়ার হাট সড়ক থেকে গতকাল তোলা l ছবি: প্রথম আলো

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিপজ্জনক ভটভটিতে (তিন চাকার যান) ঠাসাঠাসি করে ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করছে ছাত্র-ছাত্রীরা। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। জেএসসি পরীক্ষায় ৫০টি স্কুলের ৪ হাজার ১১২ জন এবং জেডিসি পরীক্ষায় ৪৫টি মাদ্রাসার ১ হাজার ৫৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। জেএসসি পরীক্ষা হচ্ছে পাঁচটি কেন্দ্রে। আর জেডিসি দুটিতে।
পাঁচ-ছয়জন অভিভাবক বলেন, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এসব পরীক্ষাকেন্দ্রে যাতায়াত একটা বড় সমস্যা। যানবাহনের স্বল্পতা রয়েছে। আর এটি সুযোগ হিসেবে নিচ্ছে ভটভটির চালকেরা। বিপজ্জনক জানার পরেও অভিভাবকেরা নিরুপায় হয়ে তাঁদের সন্তানদের ভটভটিতে করেই পরীক্ষাকেন্দ্রে পাঠাচ্ছেন। এ ছাড়া কম খরচের কারণেও অনেক অভিভাবক সন্তানকে এ যানবাহনে চড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন।
উপজেলার কাশিপুর গ্রামের অভিভাবক মিনার হোসেন (৪৫) বলেন, ছয় বছর আগে জেএসসি পরীক্ষায় উপজেলার সৈয়দপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের একদল ছাত্র একটি ভটভটিতে চড়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়। ওই ঘটনার পর এলাকায় ভটভটি চলাচল বন্ধের দাবিতে মিছিল, মানববন্ধন, স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে ছাত্র-ছাত্রী, অভিভাবকেরা। তখন ভটভটি চলাচল বন্ধ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দিন পর আবারও যানবাহনগুলো চলাচল শুরু করে।
আটমূল গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক মোজাম্মেল হক (৫৫) বলেন, ‘আমরা বিষয়টি নজরদারি করতে পারি না। ছেলে-মেয়েরা কীভাবে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছে, সেটা তারাই বাড়ি থেকে বাইরে গিয়ে ঠিক করে। তবে এটা ঠিক, অভিভাবক হিসেবে এটা আমাদের দেখা দরকার।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘যাতায়াতের বিষয়টি সম্পূর্ণ অভিভাবকদের ব্যাপার। তারপরও আমরা যতটুকু পারি, অভিভাবকদের এ রকম বিপজ্জনক যানবাহনে না পাঠানোর কথা বলি।’
উপজেলার আটমূল বিরাজ উদ্দিন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এমদাদুল হক বলেন, ‘কম খরচে ভটভটিই ভরসা—এ কথা সমর্থন করা যায় না। কারণ, প্রায় একই খরচে রিকশাভ্যানেও পরীক্ষার্থীরা যাতায়াত করতে পারে। আমরা স্কুলে বারবার বলে দিয়েছি, ভটভটি বা বিপজ্জনক কোনো যানে পরীক্ষাকেন্দ্রে যেন যাওয়া না হয়। তারপরও কেউ কেউ ভটভটিতেই চলাচল করছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, পরীক্ষার্থীরা যেন বিপজ্জনক যানবাহনে না আসে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে বলা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর ভটভটিতে যাতায়াত অনেকটা কম দেখা যাচ্ছে।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, এ উপজেলায় ভটভটির যাত্রীরাই সড়ক দুর্ঘটনায় বেশি হতাহত হন। তিন চাকার এই বাহনে নেই কোনো তাৎক্ষণিক গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা ও সতর্কসংকেত (হর্ন)। নেই প্রশিক্ষিত চালক। তারপরও লোকজন, বিশেষ করে ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করছে। এ ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে প্রচারণা চালানো হবে।’