ভটভটির চাকায় পিষে স্ত্রীর ভাইকে হত্যা?
রংপুরের বদরগঞ্জ উপজেলার চকমোনাই নামক স্থানে গত বুধবার নুর আলম (৪০) নামের এক ব্যক্তিকে ভটভটির চাপা দিয়ে হত্যা করা হয়েছে৷
স্থানীয়রা জানান, নুর আলমের বোন লুৎফা বেগমের (৩৬) সঙ্গে তাঁর স্বামী ইসলাম উদ্দিনের (৫৫) টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল ৷ এর জের ধরে ভটভটির চাকায় পিষে আলমকে হত্যা করেছেন ইসলাম৷
পুলিশ ও এলাকাবাসী জানান, লুৎফা বেগম বাসাবাড়িতে কাজ করে জমানো টাকায় কিছু জমি বন্ধক নেন৷ পরে ভাই নুর আলমকে সেই জায়গা দেখাশোনার দায়িত্ব দেন৷ বছর খানেক আগে জমিতে ধান লাগাতে স্বামী ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন লুৎফা৷ শারীরিক অসুস্থতার কারণে দুই মাস ধরে ভাইয়ের বাড়িতে ছিলেন লুৎফা৷ এ ঘটনায় স্ত্রী টাকা মেরে দিয়েছেন মনে করে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইসলাম৷ এ নিয়ে ২২ মে গ্রামে সালিস বসান তিনি৷ সেখানে ওই জমির ধান ইসলামকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷
গত বুধবার সকালে ইসলাম লোকজন নিয়ে ওই জমির ধান কেটে একটি ভটভটিতে তোলেন। এ সময় নুর আলমও সেখানে আসেন। একপর্যায়ে ইসলাম তাঁকে ফুসলিয়ে ভটভটিতে তুলে নিজ বাড়ির দিকে যেতে থাকেন৷ পথে চকমোনাইয়ে আলমকে নামিয়ে ইসলাম ও তাঁর সাঙ্গপাঙ্গরা ভটভটির সামনে এনে ফেলেন৷ তারপর চালক আবদুল আলিম (৩০) তাঁর ওপর দিয়ে ভটভটি চালিয়ে দেন৷ এতে তাঁর মাথা থেঁতলে যায়৷ ঘটনাস্থলেই তিনি মারা যান।
বদরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বলেন, ওই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে ইসলাম উদ্দিন ও ভটভটিচালকসহ ১৫ জনকে আসামি করে ওই দিন রাতেই হত্যা মামলা করেছেন।