ভটভটির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে ভটভটির ধাক্কায় এক ভ্যানচালক মারা গেছেন। তাঁর নাম বাদল হোসেন (৪৫)। আজ রোববার বেলা দুইটার দিকে আক্কেলপুর পৌর শহরের প্রধান সড়কের পোস্ট অফিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল নওগাঁর বদলগাছি উপজেলার চকতাহের গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ভ্যানচালক বাদল কলেজ বাজার থেকে রেলগেট এলাকার দিকে যাচ্ছিলেন। পোস্ট অফিস কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে একটি ভটভটি ভ্যানটিকে ধাক্কা দিলে বাদল রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের উঠানের পাশে ভ্যানচালকের স্ত্রী পারুল বেগম একমাত্র সন্তান পাপ্পু হোসেনকে (৮) জড়িয়ে ধরে বিলাপ করছিলেন। প্রতিবেশীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। পারুল বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘দুপুরে বাড়িত এসে ভাত খাবে, তাই ভাত সাজে রাখিছি। সেই খাওয়া হলো না। আমি এখন কাকে নিয়ে বাঁচব। আমার সংসার ও ছেলের লেখাপড়া কীভবে চালাব।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমনা বসাক বলেন, উপজেলা স্বাস্থ্য কম​প্লেক্সের আনার আগেই ভ্যানচালক বাদল হোসেন মারা গেছেন। তাঁর মাথায় আঘাত লেগেছে।