ভটভটির সঙ্গে সংঘর্ষ দুই ঘণ্টা ট্রেন বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের অদূরে একটি রেলক্রসিংয়ে গতকাল শনিবার খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেসের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টায় আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি করে। এরপর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। তিলকপুর স্টেশন অতিক্রম করার কিছু পরই আবদুলপুর-মির্জাপুর রেলক্রসিয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি ভটভটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ভটভটিটি প্রায় ৫০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। প্রত্যক্ষদর্শী ট্রেনযাত্রী হামিদুর রহমান জানান, তিনি আক্কেলপুর স্টেশন থেকে রূপসায় উঠেছিলেন। ট্রেনের আসন খালি না থাকায় ইঞ্জিনের পেছনের বগির দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিলকপুর স্টেশন অতিক্রম করার পর আবদুলপুর রেলক্রসিয়ের ওপর যাত্রীবিহীন ভটভটির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনার পর ট্রেনটি কিছু দূরে গিয়ে বন্ধ হয়ে যায়। আক্কেলপুর স্টেশনমাস্টার আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় আঘাত পেয়ে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেখানে ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল। এ কারণে ট্রেন চলাচল কিছুটা বিলম্বিত হয়েছে।