ভণ্ড ওঝাকে সঙ্গে নিয়ে এক প্রতিবেশীর কীর্তি!
শরীয়তপুরে এক ওঝাকে দিয়ে রিকশাচালক দুই যুবককে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চোর বানানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার শরীয়তপুর পৌর এলাকার ধানুকা গ্রামের আবু আলেম মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে ধানুকা গ্রামের দুই রিকশাচালক তাজুল (৩৫) ও হিল্লালকে (২৮) উদ্ধার করেছে। পরে তাঁদের হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে শরীয়তপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা অসুস্থ দুই যুবককে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও পুলিশ তাঁদের থানায় এনে মাথায় কয়েক বালতি পানি ঢালে। হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে আটকে রাখে থানায়।এলাকাবাসী জানান, দুই মাস আগে আবু আলেম মাদবরের একটি গরু চুরি হয়। চোর ধরতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ওঝা আবদুর রহিমকে (৫৫) বাড়িতে আনেন তিনি। ওঝা সকাল সাতটার দিকে গরম পানিতে ডিম সেদ্ধ দিয়ে সরষে নিক্ষেপ করেন। ঘোষণা দেন, আশপাশের বাড়িতে চোর রয়েছে। সবাইকে রুটি পড়া খেতে হবে। যে অসুস্থ হবে, মনে করতে হবে সে-ই চোর। এ সময় আবু আলেমের লোকজন প্রতিবেশী তাজুল ও হিল্লালকে ধরে আনে।এলাকাবাসীর দাবি, উপস্থিত অর্ধশত লোককে রুটি দেওয়া হলেও কেবল তাজুল ও হিল্লাল তা খান। খাওয়ার পরপরই তাজুল ও হিল্লাল অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত জনতা মারমুখী হয়ে তাঁদের ঘিরে রাখে। অসুস্থ তাজুল ও হিল্লাল আস্তে আস্তে নিস্তেজ হয়ে অসংলগ্ন কথা বলতে থাকেন। খবর পেয়ে সদর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওঝাকে নিয়ে পালিয়ে যান আবু আলেম। বন্ধ করে দেন মুঠোফোন। পরে আবদুর রহিম ও আবু আলেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।