ভণ্ড পীরের পক্ষে পিপিসহ পনেরো আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের ভণ্ড পীর আমজাদ হোসেন ও তাঁর তিন সহযোগীকে গতকাল রোববার আবার আদালতে হাজির করে জামিনের আবেদন করা হয়। কিন্তু আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেছেন।এদিকে বিপজ্জনক ও অবৈজ্ঞানিক কায়দায় চিকিৎসা দেওয়ার দায়ে গ্রেপ্তার হওয়া এই ভণ্ড পীরের পক্ষে পিপি ও এপিপিরা শুনানিতে অংশ নিয়েছেন।ভণ্ড পীর আমজাদ হোসেনের পক্ষে গতকাল ১৫ জন আইনজীবী শুনানিতে অংশ নেন। তাঁদের মধ্যে সরকারপক্ষের আইনজীবী (এপিপি) রয়েছেন তিনজন। গতকাল রোববার আমজাদ হোসেন ও তাঁর সহযোগী নুরু মেম্বার, ইলিয়াস মাদবর ও আবুল কালামকে জামিনের জন্য আদালতে হাজির করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আর্শেদ উদ্দিন চৌধুরী, সুভাষ নন্দী, শফিউদ্দিন আহমেদ, এপিপি আবদুল জব্বার, এপিপি শিল্পী আক্তার, এপিপি আনোয়ার হোসেনসহ ১৫ জনের মতো আইনজীবী।মুন্সিগঞ্জ বারের এক আইনজীবী বলেন, ‘সরকারের বিরুদ্ধে এই মামলায় (৩০৭ ধারা, হত্যার চেষ্টা) কীভাবে এপিপিরা দাঁড়ান জানি না। তাঁরা দাঁড়াতে পারেন না। কারণ, এ মামলাই যখন চার্জশিটের পরে শুনানিতে যাবে, তখন এই এপিপিরাই দাঁড়াবেন। তখন আবার পক্ষে বলবেন কী করে!’নিজের বক্তব্য প্রসঙ্গে পিপি আবদুল মতিন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমজাদ শুধু ঝাড়ফুঁক দেয়। সে যেভাবে বাচ্চাদের চিকিৎসা দেয় বলে বলা হয়েছে, তা সেভাবে দেয় না।’এ প্রসঙ্গে এপিপি আবদুল জাব্বার আসামির পক্ষে অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আসলে এপিপিরা সরকারি মামলার পাশাপাশি কিছু মামলায় দাঁড়াতে পারবেন। এটা দেশের সব জায়গায়ই হয়।’ বিচারের শুনানিতে আবার পক্ষে বলবেন কী করে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে নাও তো পড়তে পারে।’ দীপা ও নীপা নামে দুটি শিশু এবং মানসিক ভারসাম্যহীন জরিনাসহ অনেক নারী ও শিশু চিকিৎসার নামে নির্যাতনের শিকার হলেও নারী ও শিশু নির্যাতন আইনে কোনো মামলা হয়নি। স্থানীয় আইনজীবী নাসিমা আক্তার বলেন, ‘এই ঘটনায় নারী ও শিশু আইনে মামলা হতে পারত। তা হলে মামলা আরও ভালো হতো। কিন্তু কেন যে করা হলো না, বুঝলাম না।’