ভণ্ড সাধুর একি কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ের প্রেমের বিচ্ছেদ ঘটাতে বাবা শরণাপন্ন হন এক সাধুর। পরে মেয়েকে নিয়ে যান সাধুর আস্তানায়। সব শুনে সাধু বলেন, মেয়েটির মত বদলাতে তিন মাস সময় লাগবে। আর এই সময়টায় মেয়েটিকে তাঁর কাছে রাখতে হবে। এতে খরচ হবে অনেক টাকা। মেয়েটির বাবা এতে রাজি হয়ে যান। তিনি মেয়েকে সাধুর আস্তানায় রেখে আসেন। মাঝেমধ্যে মেয়েকে দেখতে তিনি সেখানে যেতেন। কিন্তু তিন মাস অতিবাহিত হওয়ার পরও মেয়ের কোনো উন্নতি না দেখে তাঁর সন্দেহ হয়। এরই মধ্যে গত সোমবার আস্তানায় গিয়ে মেয়ের দেখা পাননি। এ অবস্থায় তিনি পুলিশে খবর দেন।হাটহাজারী মডেল থানার পুলিশ জানায়, থানার উপপরিদর্শক (এসআই) ইতু চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতেই উপজেলার চৌধুরী হাটের পূর্বে পালপাড়ায় কিরণময় ভবনে সাধুর আস্তানায় অভিযান চালায়। পুলিশ ভণ্ড সাধুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মেয়েটিকেও উদ্ধার করে পুলিশ।এসআই বলেন, পুলিশি হেফাজতে মেয়েটি জানায়, ভণ্ড সাধু গত কয়েক মাসে তাকে বহুবার ধর্ষণ করেছেন। ভণ্ড সাধুও মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।মেয়েটির অশ্রুসিক্ত বাবা সাংবাদিকদের বলেন, ‘আমি অনেক ভাবনা-চিন্তা করে মেয়েটিকে সাধুবাবার কাছে দিয়েছিলাম। কিন্তু প্রতারক সাধুবাবা আমার সর্বনাশ করেছে। সে আমার কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা নিয়েছে। তা ছাড়া আমি যতবারই আস্তানায় যেতাম, ততবারই তাকে দু-তিন হাজার টাকা দিয়েছি।’এসআই জানান, ভণ্ড সাধুর প্রকৃত নাম সুকান্ত দে। তাঁর বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ির বড় ডলু গ্রামে। তিনি মেয়েটিকে বিয়ে করেছেন বলে লোকজনের সঙ্গে প্রতারণা করেন।হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষা শেষে মেয়েটিকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে। প্রতারক সাধুর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।