ভণ্ডুল হওয়ার এক বছর পর পাবনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের সেই পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এ পরীক্ষা রাজশাহীতে আয়োজন করে প্রশাসন।রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও নিয়োগ কমিটির সদস্যসচিব জিয়া আহম্মেদ জানান, এবার পরীক্ষায় কোনো বিশৃঙ্খলা ঘটেনি। প্রথমে ব্যবহারিক, এরপর লিখিত ও সর্বশেষ মৌখিক—এ তিনটি ধাপে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছে। তবে উপস্থিতির সংখ্যা ছিল খুব কম। এক হাজার ২৮৭ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন মাত্র ২৬৫ জন।পাবনা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, বেশ কয়েকটি কারণে পরীক্ষায় উপস্থিতি কম হয়েছে। এর মধ্যে প্রধান কারণ স্বচ্ছতা। এবার স্বচ্ছভাবে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানতে পেরে অনেকেই পরীক্ষায় অংশ নেননি।গত বছরের ১৭ সেপ্টেম্বর সকাল নয়টায় পাবনা জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা শুরু হয়। এর ১০ থেকে ১৫ মিনিট পর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কেন্দ্রে হামলা চালিয়ে পরীক্ষা ভণ্ডুল করে দেন।এ সময় নেতা-কর্মীরা অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের চার কর্মকর্তাকে লাঞ্ছিত ও তাঁদের চারটি গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় প্রশাসন ছাত্রলীগ ও যুবলীগের ৩১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করে। পরে প্রমাণের অভাবে তাঁরা দুটি মামলা থেকেই অব্যাহতি পান। এ নিয়ে ওই সময়ে প্রথম আলোতে বেশ কয়েকটি প্রতিবেদন ছাপা হয়।