ভদ্র দম্পতি সেজে ফেনসিডিল বহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণের পরনে শার্ট-প্যান্ট আর তরুণীর পরনে দামি সালোয়ার-কামিজ। দুজনের চোখেই দামি, কালো সানগ্লাস। হাতে ছিল ভ্রমণ-ব্যাগ। কেউ দেখলে ভাববে, ভদ্র দম্পতি বেড়াতে বেরিয়েছেন। ব্যাগ দুটি নিয়ে ভ্যানে করে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের উদ্দেশে আসছিলেন তাঁরা। তাঁদের বহনকারী ভ্যানটি জয়পুরহাট-আক্কেলপুর সড়কের চারমাথা মোড়ে পৌঁছালে সেখানে হাজির হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি পিকআপ।র‌্যাব সদস্যরা ভ্যানটি থামিয়ে তরুণ-তরুণীর ব্যাগে তল্লাশি চালান। সেখান থেকে উদ্ধার করেন ভারতীয় ফেনসিডিলের বোতল। র‌্যাব সদস্যরা ফেনসিডিলসহ তাঁদের থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত ফজলুর রহমান ওরফে মাইকেল (৩৫) ও রুবি মাসু (২৫) ভদ্রবেশী দম্পতি। তাঁরা ১৪৩/১ নাজিমুদ্দিন রোড, লালবাগ, ঢাকার বাসিন্দা। বৃহস্পতিবার তাঁরা ব্যাগে করে ভারতীয় ফেনসিডিল নিয়ে আক্কেলপুরের দিকে যাচ্ছিলেন। ব্যাগ থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।থানাহাজতে থাকা রুবি মাসু জানান, তাঁরা দুজন স্বামী-স্ত্রী। আগে তাঁর স্বামী ঢাকার লালবাগে রিকশার চাঁদা ওঠাতেন। পরে তিনি জয়পুরহাট থেকে ফেনসিডিল আনা-নেওয়ার কাজ শুরু করেন। ঢাকায় একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিলেই তিন হাজার টাকা মজুরি পেতেন। পরে স্বামীর অনুরোধে তিনিও ফেনসিডিল বহনের কাজে জড়িয়ে পড়েন। ভদ্রবেশে এই কাজ করেন কেন— এমন প্রশ্নের জবাবে রুবি মাসু জানান, পরনে ভালো পোশাক থাকলে পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়। এ কারণেই দামি পোশাক পরে তাঁরা ফেনসিডিল বহন করেন।ফজলুর রহমান জানান, জয়পুরহাটের ভাদশা গ্রাম থেকে ফেনসিডিলগুলো কেনেন। সেগুলো দুজনের ব্যাগে পুরে আক্কেলপুর স্টেশনে ঢাকাগামী ট্রেন ধরতে আসছিলেন। পথে র‌্যাব সদস্যরা তাঁদের আটক করেন।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদার রহমান জানান, মাদক ব্যবসায়ী দম্পতিকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।