ভদ্রবেশে প্রতারণা
জয়পুরহাটের আক্কেলপুরে ভদ্রবেশে প্রতারণা করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভদ্রবেশী ওই প্রতারক বাস টার্মিনালের এক কুলির মুঠোফোন হাতিয়ে নিয়ে উধাও হন।বাস টার্মিনাল সূত্র ও ভুক্তভোগী ব্যক্তি জানান, শনিবার সকালে স্যুট-টাই পরা এক লোক বাস ভাড়া করতে শহরের বগুড়া বাস টার্মিনালে যান। সেখানে তিনি দুটি বাসের ভাড়াও ঠিক করেন। সে সময় তাঁর পাশে দাঁড়িয়ে মুঠোফোনে গান শুনছিলেন টার্মিনালের কুলি সুবল চন্দ্র। মিষ্টি কেনার কথা বলে ওই লোক তাঁকে (কুলিকে) সঙ্গে নিয়ে রেলগেট এলাকার একটি মিষ্টির দোকানে আসেন। তিনি দোকানদারকে নয় কেজি মিষ্টি দ্রুত মাপতে বলে দোকানের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। একপর্যায়ে তাঁর মুঠোফোনের টাকা শেষ বলে কুলির কাছ থেকে মুঠোফোনটি নেন। এটি কানে ধরেই তিনি কুলিকে বাস টার্মিনাল থেকে তাঁর ব্যাগ ও বস্তা আনতে বলেন। মুঠোফোন রেখেই কুলি ব্যাগ ও বস্তা আনতে টার্মিনালে যান। সেখানে ব্যাগ ও বস্তা না পেয়ে মিষ্টির দোকানে এসে দেখেন স্যুট-টাই পরা ওই লোক নেই। দোকানে মিষ্টির প্যাকেটগুলো পড়ে আছে। আড়াই ঘণ্টা অপেক্ষায় থেকে কুলি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। মুঠোফোন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।কুলি সুবল বলেন, ‘দামি স্যুট-টাই পরা একজন ভদ্রলোক কুলির সঙ্গে প্রতারণা করতে পারে, তা ভাবতেই পারিনি।’আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, প্রতারকেরা বিভিন্ন বেশে প্রতারণা করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।