ভদ্রা গিলছে সড়ক, রক্ষার শেষ চেষ্টা
ভদ্রা নদীর ভাঙনে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া-শোলগাতিয়া সড়কটি সম্পূর্ণ বিলীন হতে চলেছে। যেকোনো সময় পানিতে ঘরবাড়ি ও ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসী গত রোববার থেকে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ করছে। কিন্তু সরকারিভাবে এখনো কোনো সহায়তা মেলেনি।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ বছরে ডুমুরিয়ার খর্ণিয়া সেতুর পশ্চিম পাশে চারটি ইটভাটা গড়ে ওঠে। ওই সব ভাটার প্রভাবশালী মালিকেরা তাঁদের সীমানার সামনে নদীর চরে বাঁধ দিয়ে পলি আটকে সেখান থেকে মাটি তুলে ইট তৈরি করেন। প্রতিবছর ওই বাঁধগুলো আরও সম্প্রসারণ করায় নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বিঘ্নিত হয়ে বিপরীত পাশে পাকা সড়কে আঘাত করতে থাকে। নদীর তীরবর্তী সড়কটি একই সঙ্গে বাঁধের কাজ করে। খর্ণিয়া বাজারের দক্ষিণ দিকে ভদ্রাদিয়া মসজিদ ও উত্তর দিকে রানাই এফএমবি ভাটা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ভাঙন চলছে তিন বছর ধরে।
সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেল থেকে খর্ণিয়া-শোলগাতিয়া সড়কে বড় বড় ফাটল দেখা দেয়। ঈদের দিন শুক্রবার ওই সড়কের আধা কিলোমিটার অংশে ব্যাপকভাবে ভাঙন ধরে। ওই ভাঙনে সড়কের কয়েক জায়গায় মাত্র এক থেকে দেড় ফুট অবশিষ্ট আছে।
ইটভাটার কারণে ভদ্রা নদীর ভাঙন নিয়ে প্রথম আলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ভাঙনের কারণে খর্ণিয়া, রানাই, টিপনা, আঙ্গারদোহা ও শোলগাতিয়া গ্রামের দুই শতাধিক বাসিন্দা রোববার থেকে বাঁশ, ইট ও বস্তা নিয়ে এসে স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকাতে কাজ করছে। ইটভাটার মালিকেরাও তাঁদের পরিত্যক্ত ইট দিয়ে সহায়তা করেন। বাঁশ, ইট ও বস্তা কিনে দিয়ে ঘটনাস্থলে থেকে ভাঙন ঠেকানোর কাজ করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এক ব্যক্তি।
গত সোমবার সকালে খর্ণিয়া-শোলগাতিয়া সড়কে কাঠকলের কাছে মাত্র এক ফুট বাঁধ দেখা গেছে। খর্ণিয়া বাজারে সুনীল মণ্ডলের দোতলা মাছের ডিপোটি নদীর মধ্যে উল্টে ছিল। ভাঙনের কারণে ওই সড়কে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। ভাঙনকবলিত রাস্তায় কথা হয় রানাই গ্রামের আলী বক্স শেখের সঙ্গে। তিনি বলেন, ‘ওই পারের ভাটা-আলাগে জ্বালায় আজ আমাগে তলায়ে মরার দশা।’
খুলনা-৫ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ ও ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ দাবি করেন, ওই নদীর চর দখলমুক্ত করার ব্যাপারে তাঁর আন্তরিকতার কোনো অভাব নেই। ভাঙন রোধে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মন্ত্রণালয়ে প্রকল্প পাঠিয়েছে। প্রকল্প পাসের জন্য তিনি তদবিরও করছেন। জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সেই চেষ্টা করছেন।
প্রশাসন যা বলে: খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিক বলেন, ‘ডুমুরিয়ায় সামান্য কাজ করলে তা আবারও জলে যাবে। তাই জলবায়ু তহবিলের আওতায় স্থায়ী প্রতিরক্ষাব্যবস্থার জন্য একটা বড় প্রকল্পে টাকা পাওয়ার অপেক্ষায় আছি।’
খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে একটা সার্ভে কমিটি করা হয়েছে। ইটভাটার মালিকেরা কতটুকু চর দখল করেছেন, তা মেপে নির্ধারণ করা হবে। দু-এক দিনের মধ্যেই ওই সব বাঁধ অপসারণের উদ্যোগ নেওয়া হবে।