ভদ্রা দখল চিহ্নিত করে লাল পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটভাটার মালিকদের ভদ্রা নদীর চর দখলের পরিমাণ চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দিয়েছে জেলা প্রশাসন। দখলের ফলে নদীভাঙন নিয়ে গতকাল প্রথম আলোয় ‘ভদ্রা গিলছে সড়ক, রক্ষার শেষ চেষ্টা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, খর্ণিয়া সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত ইটভাটার মালিকেরা ভদ্রা নদীর চরে বাঁধ দিয়ে দখল করেছেন। এতে কয়েক বছর ধরে পূর্ব পাড়ে খর্ণিয়া বাজার ও শোলগাতিয়া সড়কে ভাঙন চলছে। সড়কটি বাঁধ হিসেবে কাজ করে। গত রোববার থেকে রানাই, খর্ণিয়া, আঙ্গারদোহা, টিপনা, শোলগাতিয়াসহ বিভিন্ন গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছেন।ইটভাটার মালিকদের দখলের পরিমাণ চিহ্নিত করতে খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তিন সদস্যের একটি সার্ভে কমিটি গঠন করেন। ওই কমিটির লোকজন গতকাল ঘটনাস্থলে গিয়ে ভূমি মানচিত্র ধরে নদী দখলের পরিমাণ চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেন। বেলা ১২টায় সরেজমিনে দেখা গেছে, খর্ণিয়া সেতুর পশ্চিম পাড়ে নদী থেকে অনেক ভেতরে শাহজাহান জমাদ্দারের মালিকানাধীন নূরজাহান ব্রিকসের কার্যালয়ের পেছনেই লাল পতাকা। তার পশ্চিম পাড়ে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আবদুল হাদীর সেতু ব্রিক্স ও হাজি সোবহানের সাতক্ষীরা ব্রিকসের মধ্যেও লাল পতাকা উড়ছে। সেতু ব্রিকসের ব্যবস্থাপক জুলফিকার আলী গাজীর কাছে লাল পতাকা টানানোর কারণ জানতে চাইলে বলেন, ‘শুনিছি ভাটার মধ্যি পৈতৃক জমি ও খাস জমি চিহ্নিত করতেছে। তারাই লাল পতাকা টানায়ে দেছে।’ ভাটা এলাকায় সরকারি জমি দখলে আছে কি না জানতে চাইলে বলেন, সাত-আট বিঘা সরকারি জমি থাকতে পারে।জেলা প্রশাসকের সার্ভে কমিটির আহ্বায়ক খুলনার অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা বিজয় কুমার সিংহ বলেন, এসএ রেকর্ড অনুসারে নূরজাহান ব্রিক্স ৫০০ ফুট, সেতু ব্রিক্স ৬২০ ফুট ও সাতক্ষীরা ব্রিক্স ৫৮০ ফুট পর্যন্ত নদী দখল করেছে। দখলীয় ওই জমির মধ্যে কিছু খাস বন্দোবস্ত দেওয়া জমিও আছে, যা চিহ্নিত করা হচ্ছে।