ভদ্রা নদীতে বাঁধ দিয়ে তোলা হচ্ছে ইটভাটার মাটি
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে ভদ্রা নদীর কোল ঘেঁষে রয়েছে চারটি ইটভাটা। মালিকেরা ইট তৈরির উপাদান মাটি জোগাড় করতে নদীতে অবৈধভাবে বাঁধ দিয়েছেন। নদীতে এভাবে বাঁধ দেওয়ায় নদীর গতিপথ পাল্টে গেছে, এক পাড়ে দেখা দিয়েছে ভাঙন। এলাকাবাসী কিছুদিন ধরে নদী দখলের প্রতিবাদ করে আসছে। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছে না।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, খর্ণিয়ায় ভদ্রা নদীর পশ্চিম পাড় ধরে গত দশ বছরে শাহজাহান জমাদ্দারের জাহান ব্রিকস, গাজী আবদুস সালামের সেতু ব্রিকস, সাতক্ষীরার মেহের আলীর এসবি ব্রিকস এবং খর্ণিয়া সেতুর উত্তর পাশে মুজিবর রহমানের আল আমিন ব্রিকস গড়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শাহজাহান জমাদ্দার উপেজলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জমাদ্দারের ছোট ভাই। আর গাজী আবদুস সালাম উপজেলা চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদীর ছোট ভাই।শুরুতে জমির মালিকদের কাছ থেকে চুক্তিভিত্তিক ইজারা নিয়ে ইটভাটা গড়ে তোলা হয়। ইট তৈরির জন্য ইজারা নেওয়া জমি থেকেই মাটি তোলার কথা। কিন্তু পর্যাপ্ত মাটি না পেয়ে ইটভাটার মালিকেরা দিনে দিনে ভাটার সামনের নদীর চর থেকে মাটি কাটা শুরু করেন। নদীর চরের মাটিও একসময় শেষ হতে থাকে। এরপর মাটির বিকল্প জোগানের আশায় তাঁরা নতুন কৌশলের আশ্রয় নেন। চরে মাটি কাটার জায়গায় সৃষ্টি হওয়া বড় গর্তের তিন দিকে ৩০০ গজ দীর্ঘ বাঁধ দিয়ে একাধিক ফাঁকা রাখা হয়েছে। বর্ষায় ওই গর্তে নদীর পলি আটকা পড়ে। আর আটকাপড়া পলিমাটি পরের বছর ইট তৈরির কাজে ব্যবহার করা হয়। প্রতিবছর নদী দখল করে একটু একটু করে ইটভাটার সীমানা বাড়তে থাকে। এ ছাড়া ইটের খোয়া নদীতে ফেলে ও বাঁশের পাইলিং দিয়ে বেড়িবাঁধ দেওয়ায় খরস্রোতা ভদ্রা নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। নদীর পূর্বপাড়ের ভাঙনে খর্ণিয়া বাজার ও সেতুর পূর্বাংশ হুমকির মুখে পড়েছে। বেশ কিছুদিন ধরে নদী দখলের এ তত্পরতার বিরুদ্ধে এলাকার মানুষ নানাভাবে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু ইটভাটার মালিকেরা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় এবং প্রভাবশালী হওয়ায় এ সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেছে। নদী দখলের প্রতিবাদ জানিয়ে গত ২৫ জানুয়ারি বেলা ১১টার দিকে খর্ণিয়াবাসী একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিল শেষে তারা খর্ণিয়া বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে।খর্ণিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিনুর রহমান বলেন, ‘এই নদীতে ট্রাকের পর ট্রাক আদলা-ইট ঢেলে ইটভাটার মালিকেরা নদী বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। বাঁশের পাইলিং ও বাঁধ দিয়ে ইতিমধ্যে নদীর অর্ধেক ভরাট করে ফেলেছে। এর ফলে খর্ণিয়া বাজারের একাংশ, খর্ণিয়া-শোলগাতিয়া ও খর্ণিয়া-শোভনা সড়ক মারাত্মক হুমকির মুখে পড়েছে।’ নদী দখল করা প্রসঙ্গে জাহান ব্রিকসের মালিক শাহজাহান জমাদ্দার বলেন, ‘নদীর চরে ফেলা ইটের খোয়া উঠানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।’ সাতক্ষীরা ব্রিকসের মালিক মেহের আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এখন ঢাকায়। ফিরে আসে দেখপানি কী হয়ছে।’ সেতু ব্রিকসের ব্যবস্থাপক শামীম হোসেন জুলফিকার বলেন, ‘আমরা জমিওয়ালাদের ন্যায্য হারি (ভাড়া) দি। আমরা নদীর চরও দখল করি নে, মাটিউ কাটি নে।’ তবে চরে বাঁধ দেওয়া হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, ‘পলিমাটি উঠানোর জন্য দিয়েছি।’খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সবুর মিয়া বলেন, ‘আমাদের বিভাগীয় কর্মকর্তারা বিষয়টি দেখে আসার পর ডুমুরিয়ার সাংসদ নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে ওই বাঁধ অপসারণের বিষয়ে একাধিকবার কথা বলেছি। তবে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।’খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘পাউবোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদের বলেছি, যারা ইট ফেলে নদীর চর ভরাট করেছে তাদেরই তা অপসারণ করতে হবে। ওই ভরাটের কারণেই এপারে ভাঙন হচ্ছে।’