ভন্ডুল হলো 'বাংলাদেশে গণতন্ত্র' শীর্ষক সম্মেলন
নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ক্লাব বাংলা ও আর্চার ব্লাড সেন্টার ফর ডেমোক্রেসি আয়োজিত ‘বাংলাদেশে গণতন্ত্র সম্মেলন ২০১৭’ বাদ-প্রতিবাদ ও হট্টগোলের কারণে ভন্ডুল হয়েছে।
গত বুধবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এই সম্মেলনের প্রথম ঘণ্টা মোটামুটি ভালো কাটলেও প্রশ্নোত্তর পর্ব শুরু হলে উপস্থিত দর্শকদের একাংশ উত্থাপিত বক্তব্যের প্রতিবাদ জানান। সঞ্চালক তাঁদের বারবার শান্ত হতে অনুরোধ জানালেও উত্তেজনা বাড়তেই থাকে। একপর্যায়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এর প্রতিবাদে সভাস্থল ত্যাগের কথা ঘোষণা করলে প্রবল হট্টগোলের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সভা শেষ হয়।
এই সম্মেলনে বক্তা ছিলেন রক্ষণশীল হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিস, পররাষ্ট্রনীতিবিষয়ক ভারতীয় বিশেষজ্ঞ জয়িতা ভট্টাচার্য ও বাংলাদেশি-আমেরিকান মানবাধিকার আইনজীবী শামতলি হক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তারেক রহমানের বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও একজন বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন। প্রতিবাদের কারণে তাঁকে সম্মেলন থেকে বাদ দেওয়া হয়। এই সংগঠনের নির্বাহী পরিচালক কাউসার মমিন সভার শুরুতেই বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও বক্তা হিসেবে এই বিএনপি নেতার অন্তর্ভুক্তিতে দুঃখ প্রকাশ করেন।
লিসা কার্টিস তাঁর বক্তব্যে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় সাধুবাদ জানানোর পাশাপাশি সেখানে বহুপক্ষীয় গণতন্ত্রের সুযোগ সংকুচিত হয়ে আসায় উদ্বেগ প্রকাশ করেন। লিসা কার্টিস একপর্যায়ে দাবি করেন, একাত্তরের ঘাতক মীর কাসেম আলীর ছেলে বিনা অপরাধে বন্দী রয়েছেন। দর্শকদের ভেতর থেকে অনেকেই তাঁর এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ করেন, তবে সিদ্দিকুর রহমানের হস্তক্ষেপে তাঁদের প্রশমিত করা সম্ভব হয়।
সভার অপর বক্তা শামতলি হক দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি করেছে এ কথা ঠিক, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের অধিকার খর্ব, ক্ষুদ্র জাতিসত্তার ভূমিগ্রাস ও সুন্দরবনে পরিবেশের জন্য ক্ষতিকর বিদ্যুৎ প্রকল্পের মতো ঘটনায় সে অর্জন ম্লান হয়ে পড়েছে। তিনি বলেন, আমেরিকাতেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
প্রশ্নোত্তর পর্ব শুরু হলে সিদ্দিকুর রহমান দুঃখ করে বলেন, বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক চিত্র তুলে ধরতে সেমিনারের বক্তারা ব্যর্থ হয়েছেন। বিরোধী বিএনপি রাজনৈতিক বিরোধিতার নামে যে জ্বালাও-পোড়াও নীতি অনুসরণ করে, লিসা কার্টিস সে কথা উল্লেখ করেননি, তাতে তিনি বিশেষভাবে আপত্তি করেন। একাত্তরের ঘাতক মীর কাসেম আলীর ছেলের গ্রেপ্তারের জন্য কার্টিস আপত্তি জানালেও মানবতার বিরুদ্ধে যে অপরাধের জন্য মীর কাসেম আলী শাস্তি পান, তার কোনো কথাই বলেননি।
এই পর্যায়ে সঞ্চালকের অনুমতি ছাড়াই একাধিক দর্শক উঠে দাঁড়িয়ে সভায় বক্তাদের একপেশে বক্তব্যের জন্য তীব্র প্রতিবাদ জানান। তাঁদের থামিয়ে দেওয়ার চেষ্টা হলে সিদ্দিকুর রহমান উঠে দাঁড়িয়ে বলেন, ‘আমরা এই সভা থেকে বেরিয়ে যাচ্ছি।’ তিনি উঠে বেরিয়ে গেলে উপস্থিত দর্শকদের অনেকেই তাঁদের আসন ত্যাগ করেন।
লিসা কার্টিস দ্রুত সভাস্থল ত্যাগ করেন। তাঁর জন্য নির্ধারিত ট্যাক্সিতে ওঠার আগে তিনি প্রথম আলোর কাছে দুঃখ করে বলেন, এর আগে এমন বিব্রতকর অবস্থায় তাঁকে পড়তে হয়নি।