ভবঘুরে ও আশ্রয়হীন ব্যক্তি (পুনর্বাসন) আইনে সন্দেহের ভিত্তিতে কোনো ব্যক্তিকে আটক করার পরিধি অনেক বিস্তৃত এবং অপব্যবহারের সুযোগও প্রচুর। ফলে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষত নারী, পথশিশু, ভিক্ষুক ও নিরাশ্রয় ব্যক্তিদের জীবনধারণের স্বাধীনতা ব্যাহত করবে আইনটি।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্ন সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা প্রস্তাবিত আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ কথা বলেন। ওই আইনে দরিদ্র জনগণের প্রতি যে অপমানজনক ও বিদ্বেষমূলক মানসিকতা প্রকাশ পাচ্ছে, তার প্রতিবাদ জানান বক্তারা। গত ৯ জানুয়ারি মন্ত্রিপরিষদে এ আইনের খসড়া অনুমোদন করা হয়।আইন ও সালিশ কেন্দ্র (আসক), এডিডি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি এবং ব্র্যাক যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আইন প্রণয়নে আমলাদের প্রভাব থাকায় অধিকাংশ আইনই ধনীবান্ধব ও দারিদ্র্যবিরুদ্ধ। ভবঘুরে আইনটিতেও একই অবস্থা হয়েছে। তাই আইনটি সংশোধন করা প্রয়োজন। কমিশন বাংলাদেশের সব ভবঘুরে কেন্দ্র পরিদর্শন করবে বলেও মিজানুর রহমান উল্লেখ করেন।সভাপতির বক্তব্যে নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, এই আইনে দরিদ্র ব্যক্তিকে অপরাধী হিসেবে দেখানো হয়েছে, যা খুবই অমানবিক ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনটি করা হয়েছে বলে তিনি মনে করেন।বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসলিমা ইয়াসমিন। আলোচনায় অংশ নেন বিচারপতি আওলাদ হোসেন, আইনজীবী সারা হোসেন, ফস্টিনা পেরেইরা, মো. নূর খান, আবু ওবায়দুর রহমান প্রমুখ।