ভবঘুরেদের দখলে বিমানবন্দর রেলস্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দর রেলস্টেশনে দোকান বসানোর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এতে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে l প্রথম আলো
বিমানবন্দর রেলস্টেশনে দোকান বসানোর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এতে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে l প্রথম আলো

কেউ মৌসুমি ফল বিক্রি করছে, কেউ বসেছে পান-সিগারেট নিয়ে। সঙ্গে শসা, আলুর চিপস বিক্রেতা, জুতা পলিশকারীও আছে। সবার সমাবেশে রীতিমতো ছোটখাটো বাজার। গত বৃহস্পতিবার দেখা যায়, এই বাজার বসেছে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে।
বিমানবন্দর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের যত্রতত্র ভবঘুরেরা ঘুরে বেড়াচ্ছে। প্ল্যাটফর্মে বসেই তারা দল বেঁধে গল্প করছে। স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের পেছনের দিকে মাদকসেবীদের অবাধ বিচরণ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বিমানবন্দর রেলস্টেশন অনেক খোলামেলা হওয়ায় বিনা টিকিটের যাত্রীরাও সহজেই বের হয়ে যেতে পারে।
এক নম্বর প্ল্যাটফর্মের নামাজের স্থানের সামনে থেকেই ভাসমান দোকানদারেরা বসেছে। তাদের ভিড় বেশি এক নম্বর প্ল্যাটফর্মে রেলস্টেশনের পদচারী-সেতু সংলগ্ন জায়গায়। এক নম্বর প্ল্যাটফর্মে অন্তত ৫০ জন ভাসমান দোকানদার নানা ধরনের পণ্য নিয়ে বসেছে।
এক ফলবিক্রেতা বলেন, ‘টুকরি নিয়া বসছি। দোকান তো তুলি নাই। উঠায় দিলে চইল্যা যাব। পুলিশের লোকজন তুইল্যা দিতে আসলে মালপত্র নিয়া দৌড় দেই। আবার আইস্যা পড়ি। সংসার তো চালাইতে হইব।’
স্টেশনের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই এক পাশে আন্তনগর টিকিট কাউন্টার, অপর পাশে টিসি কার্যালয় এবং কনফেকশনারি। গতকাল বেলা আড়াইটার দিকে টিকিট কাউন্টারের সামনের ফাঁকা জায়গায় চারজন ভবঘুরেকে শুয়ে থাকতে দেখা যায়।
ভিআইপি, প্রথম শ্রেণি এবং শোভন চেয়ার শ্রেণির বিশ্রামাগারের সামনে চারজন ভবঘুরে বসে ছিল। আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট কেনার কাউন্টারের সামনে চুলে বিশাল জটলা নিয়ে উদ্ভ্রান্ত এক ভবঘুরে শুয়ে ছিল।
রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের এক পাশ খোলা। খোলা জায়গা দিয়ে আশকোনা, উত্তরখান এলাকার দিকে বের হওয়া যায়। বিভিন্ন গন্তব্য থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন থামতেই অনেক বিনা টিকিটের যাত্রী ওই খোলা জায়গা দিয়ে বের হয়ে যায় বলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এ বিষয়ে স্টেশনমাস্টার মরণ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, বর্তমানে বিমানবন্দর রেলস্টেশন আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত। অথচ, টিকিট কালেক্টর আছেন মাত্র আটজন, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে বিনা টিকিটের যাত্রী আগের চেয়ে কমেছে। ভাসমান দোকান তুলে দেওয়ার দায়িত্ব নিরাপত্তারক্ষীদের।
দুই নম্বর প্ল্যাটফর্মের পেছনে স্টেশনের একটি পার্কিং এলাকা। সেখানে গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান ও একাধিক ঝুপড়ি ঘর। শেষ মাথায় গণশৌচাগার। পার্কিংয়ের এই এলাকা পুরোটাই ভবঘুরে-মাদকাসক্তদের দখলে। দু-তিনজন করে জটলা পাকিয়ে মাদক সেবন করছিল। সাধারণ যাত্রীরা খুব প্রয়োজন না হলে দুই নম্বর প্ল্যাটফর্মের পেছনের গণশৌচাগারের দিকে যাচ্ছে না।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মো. নজরুল ইসলাম বলেন, রেলস্টেশনটা এত খোলামেলা যে ভবঘুরে বা কাঙালিদের এক পাশ থেকে সরালে অন্য পাশ দিয়ে ঢুকে পড়ে। প্রতিদিনই কয়েকজন ভাসমান দোকানদারকে ধরে জরিমানা করা হয়, পরে আবার চলে আসে।