ভবদহ অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবদহ অঞ্চলকে ‘দুর্গত এলাকা’ হিসেবে ঘোষণা করে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে ‘আমরা অভয়নগরবাসী’ নামের একটি সামাজিক সংগঠন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি তোলেন সংগঠনটির সদস্য ও অভয়নগরের বাসিন্দারা।

মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, যেখানে দীর্ঘদিন মানুষ পানিতে থাকে এবং সাপ-ব্যাঙের সঙ্গে বসবাস করতে হয়, সেটা সাধারণ দুর্গত এলাকা নয়। তিনি ভবদহের জলাবদ্ধ অঞ্চলকে ‘মহাদুর্গত’ এলাকা ঘোষণা করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোর জেলার অভয়নগর, মণিরামপুর, কেশবপুর এবং খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে ভবদহ অঞ্চলের ২০০ গ্রামের প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী। ত্রাণ নেই, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই। পানিবাহিত রোগ ছড়াচ্ছে। পানিতে ডুবে ও সাপের কামড়ে শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

ভবদহের জলাবদ্ধতার এক ভুক্তভোগী ফিরোজ হোসেন মানববন্ধনে বলেন, ‘আমার বাড়ি অভয়নগরের বালিয়াডাঙ্গায়। সেখানে পানির উচ্চতা প্রতিনিয়ত বাড়ছে। জলাবদ্ধতার কারণে আমরা ঘরে থাকতে পারি না, বিশুদ্ধ খাবার পানি পাই না।’

মানববন্ধনে কৃষ্ণপদ সাহা বলেন, ‘বছরের পর বছর মানুষ দুর্ভোগে আছে, অথচ সমাধান নেই। ওই এলাকার ১০ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে।’