ভবদহ অঞ্চলে অনাড়ম্বর দুর্গোৎসব
দেশজুড়ে চলছে হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। এ বছর যশোরের আট উপজেলার ৬২৯টি মণ্ডপে দুর্গোৎসবের ঢাক বাজবে। তবে টানা দেড় মাসের জলাবদ্ধতার কারণে ভবদহ অঞ্চলের তিন উপজেলা কেশবপুর, মনিরামপুর ও অভয়নগরে এই উৎসবের আনন্দ অনেকটাই ম্লান।
পূজা উদ্যাপন পরিষদ, যশোর জেলা কমিটি সূত্রে জানা যায়, গত বছর জেলায় ৬৩৭টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়। জলাবদ্ধতার কারণে এবার আটটি মণ্ডপে দুর্গোৎসব করা যাচ্ছে না। ৬২৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যে পানিবন্দী তিন উপজেলার ২৯০টি মণ্ডপে উৎসবের আয়োজন চলছে। যদিও এসব মণ্ডপের বেশির ভাগই জলাবদ্ধ। এ কারণে উৎসবে অনেকটাই ভাটা পড়ছে।
চার বছর ধরে জেলার সবচেয়ে বড় দুর্গোৎসব হয়ে আসছে মনিরামপুর উপজেলার মশিয়াহাটি এলাকায়। মশিয়াহাটি সর্বজনীন দুর্গা মণ্ডপে দেব-দেবতার ২৫০টি মূর্তি স্থাপন করা হয়। এ মণ্ডপের ভেতরে এখনো পানি রয়েছে। তাই পূজার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে মশিয়াহাটি আঞ্চলিক দুর্গাপূজা কমিটির সভাপতি ও মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র রায় বলেন, এ বছরও ঠাকুরের ২৫০টি মূর্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে। কিন্তু মন্দিরের ভেতরে পানি থাকায় মূর্তি স্থাপনের কাজ করা যাচ্ছে না। তারপরও উৎসব হবে।
একই উপজেলার গবরডাঙ্গা দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, এখনো মন্দিরের চারপাশে পানি। বুধবার (আজ) শ্যালো মেশিন দিয়ে পানি সরানো হবে। শেষ মুহূর্তে পূজার প্রস্তুতি শুরু হয়েছে।
কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়ের সভাপতি স্বপন মুখার্জি বলেন, কয়েক দিন আগে মন্দির থেকে পানি সরে গেছে। এখন পূজার প্রস্তুতি শুরু হয়েছে। এবার হয়তো জাঁকজমকপূর্ণ আয়োজন করা সম্ভব হবে না।
এদিকে জেলার প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু-মুসলিম সমন্বয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হচ্ছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বলেন, ‘সরকারের নানামুখী তৎপরতার কারণে জঙ্গি হামলার শঙ্কা অনেকাংশে কেটে গেছে। তারপরও নিরাপত্তার জন্য আমরা নিজেদের প্রস্তুতি রাখছি। এ বছর জেলার প্রতিটি মন্দির কমিটিকে হিন্দু-মুসলিমনির্বিশেষে কমিটি গঠন করে দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে উৎসবের আগেই যশোর শহরসহ আট উপজেলার গুরুত্বপূর্ণ শতাধিক মণ্ডপ সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার আওতায় আনা হবে।’