ভবদহ অঞ্চলে ঋণের কিস্তির টাকা আদায় বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার মধ্যেও যশোরের ভবদহ অঞ্চলের মানুষের কাছ থেকে বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের বিতরণ করা ঋণের কিস্তি আদায় করছে। কিস্তি আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

গতকাল রোববার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে মানববন্ধন শেষে এ স্মারকলিপি দেয়। যশোর প্রেসক্লাবের সামনে দুর্গত এলাকার শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সমাবেশ  হয়।

সমাবেশে সংগ্রাম কমিটির মনিরামপুর শাখার সভাপতি গাজী আবদুল হামিদ বলেন, ‘ভবদহ অঞ্চলের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলার ২ লাখ মানুষ ২০ দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। অন্তত ৫০ হাজার মানুষ ঘর ছেড়ে রাস্তার ওপরে ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। এর মধ্যে বিভিন্ন সংস্থার কর্মীরা কিস্তির টাকা আদায় করেতে দুর্গত এলাকায় যাচ্ছেন। যদিও বেশির ভাগ মানুষ কিস্তির টাকা দিতে পারছেন না। যাদের ঘরে খাবার নেই, তারা কিস্তির টাকা কী করে দেবে?’ অবিলম্বে ঋণের কিস্তি আদায় বন্ধ করার দাবি জানান তিনি। সমাবেশ থেকে ভবদহ এলাকার পানি নিষ্কাশন করা ও বিল কপালিয়ায় পরিকল্পিত জোয়ারাধার (টিআরএম) চালুরও দাবি জানানো হয়েছে।