ভবদহ অঞ্চলে লক্ষাধিক মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিতা মণ্ডলের বাড়ির উঠানে পানি থইথই করছে। শোবার ঘরে পানি ঢুকেছে। রান্নাঘর ও গোয়ালঘরেও পানি। আশ্রয় নেওয়ার জন্য স্বামী রমেশ মণ্ডলকে নিয়ে সড়কের ওপর ঘর তুলছেন। এ দৃশ্য গত শনিবার দুপুরের।
রমেশ-রিতা মণ্ডল দম্পতির বাড়ি যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টানা বর্ষণে তাঁদের মতো অভয়নগরের প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া ও পায়রা ইউনিয়ন এবং মনিরামপুর উপজেলার কুলটিয়া, হরিদাসকাটি, মনোহরপুর ও নেহালপুর ইউনিয়নের ১ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অসংখ্য বাড়িঘর, মাছের ঘের, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পানির নিচে চলে গেছে। বাড়ছে জনদুর্ভোগ।
অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার একটা বড় অংশ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এ অঞ্চলের পানিনিষ্কাশনের একমাত্র মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্যতা হারিয়েছে। নদী দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। এ অবস্থায় বৃষ্টির পানিতে এলাকার বিলগুলো প্লাবিত হয়েছে। বিল উপচে পানি ঢুকেছে গ্রামগুলোতে।
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ২০০৬ সালে ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’ গ্রহণ করা হয়। এ প্রকল্পের অধীনে নেওয়া হয়েছিল জোয়ারাধার (টিআরএম) প্রকল্প। বর্তমানে কোনো বিলে জোয়ারাধার কার্যকর নেই। বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার বাস্তবায়ন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত বছরের ২৯ জুলাই পরিকল্পনা কমিশন চিঠি দিয়ে প্রকল্পটি বন্ধ করে দেয়। এ অবস্থায় জোয়ারের সঙ্গে আসা পলি জমে নদীগুলো গতি হারিয়েছে।
সরেজমিনে দেখা যায়, অভয়নগরের বলারাবাদ, বেদভিটা, ডুমুরতলা, আন্ধা, বারান্দী, দিঘলিয়া, কোটা, ডহর মশিয়াহাটী, রাজাপুর, সুন্দলী, ভাটবিলা, সড়াডাঙা, হরিশপুর, ফুলেরগাতী, কালিশাকুল, দামুখালী, দত্তগাতী, জিয়াডাঙা এবং মনিরামপুরের হাটগাছা, সুজাতপুর, কুলটিয়া, লখাইডাঙ্গা, মহিষদিয়া, আলীপুর, পোড়াডাঙা, পদ্মনাথপুর, পাড়িয়ালী, দহাকুলা, কুচলিয়া, নেবুগাতী, পাঁচবাড়িয়া, পাঁচকাটিয়া, ভুলবাড়িয়া, কুমারসীমা, কপালিয়াসহ অনেক গ্রামে পানি ঢুকে পড়েছে। গ্রামের বাসিন্দারা জানান, প্রতিদিন এক-দুই ইঞ্চি করে পানি বাড়ছে। অনেক ঘরে পানি ঢুকে পড়েছে।
কোটা গ্রামের কৃষক মিরন আহমেদ তরফদার বলেন, ‘গাঙ বুজে গেছে। বিলি পানি ঢুকলি তা আর বেরোচ্ছে না। গোটা এলাকা আস্তে আস্তে পানিতে তলায়ে যাচ্ছে।’ ডহর মশিয়াহাটি গ্রামের গৃহবধূ রেনুকা মণ্ডল বলেন, ‘আমার বাড়ি তলিয়ে গেছে। একটুখানি শোয়ার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, এমনকি বসার মতো জায়গা নেই। খুব কষ্টে আছি।’
সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিকাশ রায় বলেন, ‘আমার ইউনিয়নের ১৪টি গ্রামের সব কটি তলিয়ে গেছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে জল ঢুকেছে। নলকূপ ডুবে থাকায় বিশুদ্ধ জলের সংকট দেখা দিয়েছে। এ ছাড়া শৌচাগার তলিয়ে যাওয়ায় প্রতিটি পরিবার সমস্যায় পড়েছে।’
মনিরামপুর উপজেলার কুলটিয়া গ্রামের কৃষক সুকুমার বিশ্বাস বলেন, ‘ঘরের মধ্যে জল চলে এসেছে। রাস্তার ওপর ছোট ঘর তৈরি করে সেখানেই রাতে ঘুমাচ্ছি।’ হাটগাছা গ্রামের পীযূষ রায় বলেন, ‘ঘরের মধ্যে এক বিঘত জল। পরিবারের লোকজন এবং গরু-বাছুর ও হাঁস-মুরগি নিয়ে ব্রিজের ওপর উঠেছি।’
কুলটিয়ার ইউপির চেয়ারম্যান শেখর চন্দ্র রায় বলেন, ইউনিয়নের ১৭টি গ্রামের মধ্যে ১৫টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে ১০টি গ্রামের অবস্থা খুবই খারাপ।
অভয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর সূত্র জানায়, দুর্গত মানুষের জন্য সাত মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ১০০টি পরিবারের প্রতিটিকে পাঁচ কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি চিনি, এক ডজন মোমবাতি ও দুই প্যাকেট দেশলাই দেওয়া হয়েছে।
মনিরামপুরের পিআইও দপ্তর সূত্র জানায়, উপজেলার ১৩টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টির হয়েছে। এর মধ্যে ভবদহ অঞ্চলের চারটি ইউনিয়নও রয়েছে। ইউনিয়নগুলোর প্রায় ২৬ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছেন।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ প্রথম আলোকে বলেন, ‘বিল কপালিয়ায় জোয়ারাধার চালু করার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। কিন্তু বিলের কিছু মাছের ঘেরমালিক এবং অর্পিত ও খাসজমির দখলদারের বাধার মুখে জোয়ারাধার চালু করতে ব্যর্থ হয়েছে পাউবো। এর মধ্যে সরকার প্রকল্পটি বন্ধ করে দিয়েছে। ফলে পলিতে নদী ভরাট হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গোটা ভবদহ অঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে।’
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দীন মিয়া বলেন, পাউবো জানিয়েছে, নদীর যেখানে বেশি পলি জমেছে, সেই অংশে তারা আপাতত শ্রমিক দিয়ে পলি কাটার কাজ শুরু করেছে। নদী খননের জন্য তারা একটি পরিকল্পনা নিয়েছে বলেও জানিয়েছে।
যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী প্রথম আলোকে বলেন, ‘ভবদহের অবস্থা খুব খারাপ। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে দুটি পরিকল্পনা আছে—একটি তাৎক্ষণিক, অন্যটি একটু দীর্ঘমেয়াদি। পানি দ্রুত সরানোর জন্য ভবদহ জলকপাট (স্লুইস গেট) থেকে শোলগাতিয়া পর্যন্ত নয় কিলোমিটার শ্রী ও হরি নদী খনন করা হবে। নদীর মধ্যে ১০ থেকে ১৫ ফুট প্রস্থ একটি চ্যানেল করে কেটে দিলে পানি নেমে যাবে। আমরা সেই চেষ্টা করছি। এ-সম্পর্কিত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরেকটি হচ্ছে জোয়ারাধার বাস্তবায়ন করা। এ বিষয়ে সমীক্ষা হচ্ছে।’