অবিলম্বে যশোরের ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনের জন্য ছয় দফা দাবি জানিয়েছে ‘ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি’। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোরের জেলা প্রশাসককে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে ভবদহ অঞ্চলের হরি ও হরিহর নদের পলি অপসারণের জন্য আরও আটটি ভাসমান এক্সকাভেটর যন্ত্র প্রদান, জোয়ার-ভাটা ওঠানামার জন্য ভবদহ জলকপাট (স্লুইসগেট) অপসারণ, বিল কপালিয়ায় পরিকল্পিত জোয়ারাধার (টিআরএম) চালু, রাজাপুর খালের সঙ্গে আমডাঙ্গা খালের সরাসরি সংযোগ স্থাপন, উজানে মাথাভাঙ্গার সঙ্গে ভৈরব নদের সংযোগ স্থাপন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাদ্যনিরাপত্তা ও পুনর্বাসন এবং বেসরকারি সংস্থার ঋণের সাপ্তাহিক কিস্তি আদায় বন্ধ করা।
স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমানে ভবদহ অঞ্চলের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও যশোর সদর উপজেলার অন্তত তিন লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। অনেক আন্দোলন-সংগ্রামের পর নদীর পলি সরানোর জন্য একটি মাত্র এক্সকাভেটর যন্ত্র দিয়ে সাত দিন কাজ করায় মাত্র ২ ইঞ্চি পানি কমেছে। সামনে আরও বৃষ্টিপাত হতে পারে। তখন গোটা এলাকা বিপর্যয়ের মুখে পড়বে।
স্মারকলিপিতে সই করেছেন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি, প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারি রায়, সদস্য গাজী আবদুল হামিদ, চৈতন্য কুমার পাল, সনজিত বিশ্বাস, শিবপদ বিশ্বাস, অমিয় পাঁড়ে, সাধন বিশ্বাস প্রমুখ।