ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনবিষয়ক এক গণশুনানিতে এলাকাটিকে দুর্গত অঞ্চল ঘোষণার দাবি তোলা হয়েছে। যশোরে গত সোমবার অনুষ্ঠিত ‘অভয়নগর-মনিরামপুর-কেশবপুর অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগ ও জনগণের দাবি’ শীর্ষক এই গণশুনানিতে ভুক্তভোগীরা তাঁদের দুর্ভোগ তুলে ধরেন।
পানি অধিকার ফোরাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও প্রগতি সমাজ কল্যাণ সংস্থার (পিএসএস) যৌথ আয়োজনে এবং ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন ও কম্যুনিটি লিগ্যাল সার্ভিসেসের সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
যশোরের জয়তী সোসাইটি মিলনায়তনে বেলা ১১টায় বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে গণশুনানি কার্যক্রম শুরু হয়। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হাসেম আলী ফকির এবং খুলনা যশোর পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি মহির উদ্দিন বিশ্বাস এ সমস্যা নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর মুক্ত আলোচনা হয়। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী শাওকত হোসেন, এলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ওয়ারপোর সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন প্রমুখ।
গণশুনানিতে ডুমরতলা গ্রামের শিবপদ বিশ্বাস সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিল কপালিয়ায় জোয়ারাধারের (টিআরএম—টাইডাল রিভার ম্যানেজমেন্ট) দাবি জানান। নেবুগাতী গ্রামের কণিকা রায় মতামত জানাতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘কী পরিবেশে আছি, তা না দেখলে কেউ বুঝতে পারবে না।’
উপস্থিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা ভবদহ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ভবদহ বিষয়ে ২০০৬ সালে আমরা হাইকোর্টে একটি রিট করেছিলাম। বিষয়টি নিয়ে আমরা আবারও ভাবছি। এ ক্ষেত্রে এলাকার কেউ একজন বাদী হতে হবে।’ তিনি বলেন, ‘ভবদহ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার বিষয়ে আমরা দাবি তুলব।’