ভবদহকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
যশোরের ভবদহ অঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করে দ্রুত জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ‘আমরা অভয়নগরবাসী’ নামের একটি সামাজিক সংগঠন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে এ দাবি করেন সংগঠনটির সদস্যরা ও অভয়নগরের বাসিন্দারা। ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দ্রুত পানি সরানোর দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে একাত্মতা জানিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেখানে দীর্ঘদিন মানুষ পানিতে থাকে, সাপ-ব্যাঙের সঙ্গে বসবাস করতে হয়, সেটি সাধারণ দুর্গত এলাকা নয়। তিনি ভবদহের জলাবদ্ধ অঞ্চলকে মহাদুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানান। সত্বর এ সমস্যার স্থায়ী সমাধান কেন হবে না, তা জানতে আগামী মঙ্গলবার উচ্চ আদালতে আবেদন করা হবে বলে তিনি জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘আমাদের সরকার এসব এলাকাকে দুর্গত ঘোষণা করতে ভয় পায়। কাউকে না কাউকে তো ওই অঞ্চলের মানুষের সাপের কামড়ে মৃত্যুর দায় নিতে হবে।’
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, যশোর জেলার অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে ভবদহ অঞ্চলের ২০০ গ্রামের প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী। এসব গ্রামে ত্রাণ ও বিশুদ্ধ পানি নেই। পানিবাহিত রোগ ছড়াচ্ছে। পানিতে ডুবে ও সাপের কামড়ে শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
ভবদহের জলাবদ্ধতার এক ভুক্তভোগী ফিরোজ হোসেন মানববন্ধনে বলেন, ‘আমার বাড়ি অভয়নগরের বালিয়াডাঙ্গাতে। সেখানে পানির উচ্চতা প্রতিনিয়ত বাড়ছে। জলাবদ্ধতার কারণে আমরা ঘরে থাকতে পারি না, বিশুদ্ধ খাবার পানি পাই না।’
মানববন্ধনে কৃষ্ণপদ সাহা বলেন, বছরের পর বছর মানুষ দুর্ভোগে আছে কিন্তু সমাধান নেই। ওই এলাকার ১০ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে।