ভবদহকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সমাবেশ
যশোরে জলাবদ্ধ ভবদহ অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ চার দফা দাবিতে গতকাল মঙ্গলবার সমাবেশ করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ রেলগেটে এ সমাবেশ হয়।
চার দফা দাবির মধ্যে রয়েছে বিল কপালিয়ায় অবিলম্বে টিআরএম (টাইডল রিভার ম্যানেজমেন্ট-জোয়ারাধার) বাস্তবায়ন, ২৪ ঘণ্টার মধ্যে ভবদহ স্লুইসগেটের ২১ ও ৯ ভেন্টের (দ্বার) মাঝ দিয়ে সরাসরি নদীসংযোগ, ভবদহ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা ও আমডাঙ্গা খাল সংস্কার।
গতকাল সকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়, সমন্বয়ক চৈতন্য কুমার পাল, মনিরামপুর উপজেলার আহ্বায়ক গাজী আবদুল হামিদ, পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, কৃষকনেতা নাসির হায়দার, মাসুদ হাসানসহ জলাবদ্ধ এলাকার কৃষক নীলকণ্ঠ মণ্ডল, মনিরুজ্জামান সরদার প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে জলাবদ্ধ ভবদহ অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণাসহ চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে।