ভবদহপারের ২০০ গ্রামে জলাবদ্ধতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহ এলাকার বিল কপালিয়ায় অবিলম্বে জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম) চালু করতে না পারলে বর্ষায় অন্তত ২০০ গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা এ আশঙ্কার কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রনজিৎ বাওয়ালী বলেন, সরকার ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদাসীনতায় বিল কপালিয়ায় জোয়ারধার প্রকল্প বাস্তবায়ন হয়নি। জোয়ারাধারবিরোধীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কৃষকের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করা হয়নি। যার জন্য চরম সংকট দেখা দিয়েছে। ভবদহ পানি নিষ্কাশন কমিটির প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায় বলেন, অবিলম্বে জোয়ারাধার প্রকল্প বাস্তবায়ন না হলে ভবদহপারের কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলার অন্তত ২০০ গ্রাম প্লাবিত হবে। এতে পানিবন্দী হয়ে পড়বে কয়েক লাখ মানুষ। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সংগ্রাম কমিটির পক্ষ থেকে তিন দফা সুপারিশ করা হয়। সুপারিশগুলো হলো—জনপ্রতিনিধি, আন্দোলনকারী সংগঠন ও এলাকার মানুষের সঙ্গে বসে প্রকল্পটি চালু করতে হবে। সহজ শর্তে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকের হাতে পৌঁছে দিতে হবে। জোয়ারাধার বাস্তবায়নে সেনাবাহিনীর সহযোগিতা নিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন কমিটির উপদেষ্টা ইকবাল কবির, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অনিল বিশ্বাস, ভবদহ পানি নিষ্কাশন কমিটির নেতা গাজী আবদুল হামিদ, নুরুজ্জামান সরদার, আশুতোষ বৈরাগী, শরীফ হোসেন, নাজিম উদ্দীন প্রমুখ।