ভবদহে কেবল 'জল ঘোলা' হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহ অঞ্চলের স্থায়ী ও ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে নেওয়া জোয়ারাধার (টিআরএম-টাইডল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প বাতিল করে যে দুটি প্রকল্প নেওয়া হয়েছিল, তা বাস্তবে কোনো কাজে আসেনি। প্রকল্প দুটির বাস্তবায়ন নিয়ে ওঠা নানা অভিযোগের মুখে পানি উন্নয়ন বোর্ড এখন বলছে, এগুলো কোনো প্রকল্পই ছিল না, ছিল আপৎকালীন ব্যবস্থা।
ভবদহ অঞ্চলের ভুক্তভোগী মানুষের অভিযোগ, প্রকল্প দুটি ঠিকমতো বাস্তবায়িত হলে জলাবদ্ধতা এমন ভয়াল রূপ ধারণ করত না। তারা প্রকল্প দুটিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে।
জলাবদ্ধতা নিরসনে কার্যকর টিআরএম প্রকল্প বন্ধ করে দিয়ে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মুক্তেশ্বরী নদী পুনঃখনন প্রকল্প এবং ১৫ লাখ টাকা ব্যয়ে খুলনা-যশোর নিষ্কাশন পুনর্বাসন প্রকল্পের (কেজেডিআরপি) আওতায় আমডাঙ্গা ও ঝিকরা খালের সংযোগ খাল পুনঃখনন প্রকল্প নেওয়া হয়। যশোর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, মুক্তেশ্বরী নদী পুনঃখনন প্রকল্পের আওতায় তিনটি প্রকল্প নেওয়া হয়। একটি প্রকল্পে ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ভবদহ স্লুইসগেটের উজানে ২ দশমিক ৫০ কিলোমিটার টেকা নদী এবং ভাটিতে ৫০০ মিটার শ্রী পুনঃখনন করা হয়। কাজটি করেন যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস কে আশরাফ উদ্দীন।
অপর দুটি প্রকল্প হলো আট লাখ টাকা ব্যয়ে মুক্তেশ্বরী নদীর বাম তীর বাঁধ মেরামত প্রকল্প এবং ৯ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ব্যয়ে পায়রা খাল পুনঃখনন প্রকল্প। ভবদহ পানি ব্যবস্থাপনা বহুমুখী কেন্দ্রীয় সমবায় সমিতি ‘ই’-জোন মুক্তেশ্বরী নদীর বাম তীর বাঁধ মেরামত প্রকল্প, পায়রা খাল পুনঃখনন প্রকল্প এবং আমডাঙ্গা ও ঝিকরা খালের সংযোগ খাল পুনঃখনন প্রকল্পটি প্রকল্প বাস্তবায়ন করে।
সরেজমিনে প্রকল্পগুলোতে একাধিকবার ঘুরেছেন এই প্রতিনিধি। দেখা গেছে, ভবদহ স্লুইসগেটের উজানে টেকা নদী পুনঃখনন করে মাটি নদীর মধ্যে ফেলা হয়েছে। ওই মাটিতে বনায়ন করেছে উপজেলা বন বিভাগ। ঠিকাদার শেখ আশরাফ উদ্দীন বলেন, টেকা নদীর আড়াই কিলোমিটার এবং শ্রী নদীর ৫০০ মিটার কাটা হয়েছে। এ সময় স্লুইসগেট বন্ধ ছিল। নদীর পাড়ে রাস্তা। জায়গা না থাকায় রাস্তার পাশে নদীর অংশে মাটি ফেলা হয়েছে।
পায়রা খাল পুনঃখননের নামে দুই দফায় খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে শ্রী নদীর উৎসমুখ থেকে ছয় ভেন্টের (দ্বার) জলকপাট (স্লুইসগেট) পর্যন্ত ৩৩০ মিটার পুনঃখনন করা হয়। কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, দামুখালী বিলের পানিনিষ্কাশনের অজুহাতে প্রকল্পটি নেওয়া হয়েছে এবং নদীর মধ্যে একটি সরু খাল কাটা হয়েছে।
দুই কিলোমিটার দীর্ঘ মুক্তেশ্বরী নদীর বাম তীর বাঁধ মেরামত প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সরেজমিনে বাঁধের কোনো অস্তিত্ব চোখে পড়েনি।
আমডাঙ্গা ও ঝিকরা খালের সংযোগ খাল পুনঃখনন প্রকল্পের কাজও কাগজে-কলমে শেষ করা হয়েছে। সরেজমিনে কাজের কোনো চিহ্ন চোখে পড়েনি। ভবদহ পানি ব্যবস্থাপনা বহুমুখী কেন্দ্রীয় সমবায় সমিতি ‘ই’-জোনের সভাপতি বিষ্ণুপদ দত্ত বলেন, বিলের পানি সরানোর জন্য গত বোরো মৌসুমে শ্রী নদীর ওই অংশ কাটা হয়েছিল। শ্রী নদী পুনঃখনন, মুক্তেশ্বরী নদীর বাঁধ এবং আমডাঙ্গা খাল পুনঃখননের কাজ ভালোভাবে করা হয়েছে।
কিন্তু সাধারণ সম্পাদক রুহুল আমিন বললেন, ‘আমরা আমডাঙ্গা খালের প্রায় দুই কিলোমিটার পুনঃখনন এবং খালের ভাঙা পাড় সংস্কার করেছি। তবে বর্ষা মৌসুম চলে আসায় আমডাঙ্গা খাল পুনঃখনন এবং মুক্তেশ্বরী নদীর বাঁধ মেরামতের কাজ শেষ করা যায়নি।’
যশোর পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলী ফারাইজুল ইসলাম বলেন, বোরো মৌসুমে দামুখালী বিলের পানি সরানোর জন্য শ্রী নদীর ওই অংশ, নদীর পানি উপচে যাতে মাছের ঘেরে না যায়, সে জন্য মুক্তেশ্বরী নদীর বাঁধ মেরামত এবং পানিনিষ্কাশনের জন্য আমডাঙ্গা ও ঝিকরা খালের সংযোগ খাল পুনঃখনন করা হয়। ই-জোন প্রকল্প তিনটি বাস্তবায়ন করেছে। কিন্তু কাজ শেষ না করায় দুটি প্রকল্পের প্রায় ১৫ লাখ টাকা ফেরত গেছে।