ভবদহে জলাবদ্ধতা, সোনারগাঁয়ে সেচসংকট, কৃষকের হাহাকার
ভবদহের জলাবদ্ধতা এখনো পুরোপুরি কাটেনি। ভবদহ স্লুইসগেটের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় যশোরের অভয়নগরে এবারও বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জলাবদ্ধতার কারণে দুটি বিলের ৭০০ হেক্টর জমিতে বোরো চাষ করা যাবে না বলে জানিয়েছেন কৃষকেরা। ভবদহের জলাবদ্ধতার বিপরীত চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। এ উপজেলার চারটি ইউনিয়নে সেচসংকট দেখা দিয়েছে। এর মূল কারণ একটি রাবার ড্যাম।সোনারগাঁয়ের আলীপুরায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত দেশের অষ্টম রাবার ড্যামটি শুধু বিদ্যুতের সংযোগের অভাবে চালু করা যাচ্ছে না। ফলে আসন্ন বোরো মৌসুমে উপজেলার চারটি ইউনিয়নের এক হাজার ৭০ হেক্টর জমিতে চাহিদামতো সেচের পানি না পাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।অভয়নগর কৃষি কার্যালয় সূত্র জানায়, উপজেলায় এবার ১৪ হাজার ৮৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নয় হাজার ৭০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী) এবং পাঁচ হাজার ১৩০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করা হবে। সূত্রমতে, ভবদহ স্লুইসগেটের কারণে বিল কেদারিয়া ও বিল কাছুরাবাদের নিচের অংশ এখনো পানির নিচে থাকায় এখানে এবার বোরোর আবাদ করা সম্ভব হচ্ছে না।সরেজমিনে এখানকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবদহ স্লুইসগেট দিয়ে ঠিকমতো পানি নিষ্কাশন না হওয়ায় প্রায় দুই যুগ ধরে বিলে ফসল নেই। বিলের ওপরের অংশে অনেক কৃষক সেচযন্ত্র দিয়ে পানি সেচ করে বোরো ধান আবাদের চেষ্টা করছেন। কিন্তু বিলের নিচের অংশে বেশি পানি থাকায় তা সম্ভব হচ্ছে না। উপজেলার কোটাগ্রামের কৃষক মীরন আহমেদ তরফদারের (৪৮) ছয় বিঘা জমি রয়েছে বিল কেদারিয়ার নিচের অংশে। এর পুরোটাই পানির নিচে। তিনি বলেন, জমিতে এখনো হাঁটুসমান পানি। কোনোভাবেই এবার বোরো ধান চাষ সম্ভব নয়। দিঘলিয়া গ্রামের কৃষক ইউনুস আলী গাজি (৫৩) বলেন, ‘প্রায় দুই যুগ ধরে জমিতে ফসল নেই। এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় ভেবেছিলাম বোরো ধানের চাষ করা সম্ভব হবে। কিন্তু তা আর হচ্ছে না।’উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘বিলগুলো থেকে পানি দ্রুত নেমে যাচ্ছে। তা ছাড়া অনেক কৃষক সেচযন্ত্র দিয়ে পানি সেচ করে বোরোর আবাদ করছেন। এখনো বোরো ধানের চারা রোপণের সময় আছে। আশা করছি, সামান্য কিছু জমি বাদে বাকি জমিতে বোরো ধানের চাষ করা সম্ভব হবে।’জানা গেছে, ২০০৩-০৪ অর্থবছরে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের আলীপুরায় ব্রহ্মপুত্র নদের ওপর চার কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যামটির নির্মাণকাজ শেষ হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর, জামপুর, সনমান্দী ও নোয়াগাঁও ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে সেচের পানি পাওয়ার জন্য রাবার ড্যামটি নির্মাণ করা হয়।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত বিদ্যুতের সংযোগ বন্ধ এবং ট্রান্সফরমার কয়েক দফা চুরি হয়ে যাওয়ার কারণেই রাবার ড্যামটি ফুলিয়ে পানি আটকানো যাচ্ছে না। ব্রহ্মপুত্র নদ রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতি মো. ইব্রাহিম জানান, প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম প্রকল্পটির এক লাখ ২৩ হাজার টাকার বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। ফলে বিদ্যুতের সংযোগ পাওয়া যাচ্ছে না। সরকারের কাছে দফায় দফায় আবেদন করেও কোনো কাজ হচ্ছে না।উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘রাবার ড্যামটির বিদ্যুতের সংযোগের জন্য আমাদের কাছে সরকার কোনো অর্থ বরাদ্দ দেয়নি। কৃষকদের সেচের পানির জন্য রাবার ড্যামটি নির্মাণ করা হয়েছে। এর সুফল কৃষকেরা পাচ্ছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’