ভবদহে জলাবদ্ধতা নিরসনে বুধবার সড়কে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধ ভবদহ অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে পানিনিষ্কাশন, অবিলম্বে বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম) চালু, আমডাঙ্গা খাল প্রশস্তকরণ ও সংস্কার, ভবদহ এলাকার মানুষের খাদ্যনিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিতকরণসহ ৬ দফা দাবিতে আগামী বুধবার রাজপথ-রেলপথ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউটে গতকাল শুক্রবার ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির এক জরুরি সভায় এ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষ অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়ক ও ঢাকা-খুলনা রেলপথে অবস্থান নেবে। সকাল ১০টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির জরুরি সভা গতকাল শুক্রবার সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে।
সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত কুমার বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, মনিরামপুর উপজেলা কমিটির আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, প্রধান সমন্বয়কারী বৈকুণ্ঠ বিহারী রায়, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস, সংগ্রাম কমিটির নেতা সনজিত বিশ্বাস, চৈতন্য কুমার পাল, অমিতাভ বিশ্বাস, দিলীপ কুণ্ডু, আব্দুল মোতালেব, উত্তম গাইন, উৎপল বিশ্বাস, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, শরীফ গাজী, মাসুদ হাসান, নাসির হায়দার, শিবপদ বিশ্বাস, কানু বিশ্বাস, প্রমুখ।
ভবদহ এলাকার বর্তমান জলাবদ্ধ পরিস্থিতি নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়।
সভায় জানানো হয়, প্রায় দুই মাস ধরে ভবদহ এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছেন। তাঁরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। কিস্তু এখন পর্যন্ত পানি সরানোর জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একটি এস্কাভেটর দিয়ে নদীর পলি অপসারণ করা হচ্ছে। আমরা আরও তিনটি এস্কাভেটরের দাবি জানিয়ে আসছি। কিন্তু তাতে কেউ কর্ণপাত করছে না। এ জন্য সভায় তীব্র ক্ষেভ প্রকাশ করা হয়।
সভাশেষে আগামী বুধবার নওয়াপাড়ায় রাজপথ-রেলপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।