ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহ অঞ্চলের আসন্ন জলাবদ্ধতা নিরসনে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটি কলেজে গত বুধবার সন্ধ্যায় এক বৈঠকে সংগ্রাম কমিটির নেতারা এ ঘোষণা দেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদ সমেঞ্চলন, হাটসভা ও গ্রামে গ্রামে সংগ্রাম কমিটি গঠন করা। বৈঠক সূত্রে জানা যায়, মশিয়াহাটি কলেজে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির মনিরামপুর উপজেলার আহ্বায়ক গাজী আবদুল হামিদ। বৈঠকে বক্তারা বলেন, ঠিকমতো ফসলের ক্ষতিপূরণ না পেয়ে কেশবপুরের বিল খুকশিয়ায় জোয়ারাধার বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা। প্রকল্প গ্রহণ সত্ত্বেও সরকার বিল কপালিয়ায় জোয়ারাধার চালু করতে পারেনি। গোটা ভবদহ অঞ্চলে এক ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে ফসলের ক্ষতিপূরণ দিয়ে বিল কপালিয়ায় জোয়ারাধার চালুর জন্য তাঁরা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে নানা আন্দোলন কর্মসূচি হাতে নিচ্ছেন। বৈঠকে ১০ ফেব্রুয়ারি যশোর প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন এবং এরপর ভবদহ অঞ্চলের হাট-বাজারগুলোতে হাটসভা ও গ্রামে গ্রামে সংগ্রাম কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির মতো কঠোর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে বলেও বেঠকে জানানো হয়।