ভবদহে জলাবদ্ধতার স্থায়ী নিরসনে বৈঠক আজ
যশোরের ভবদহ এলাকায় জলাবদ্ধতার স্থায়ী সমাধান, বিল পূর্ব খুকশিয়ায় আরও দুই মাস জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম) চালু রাখা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে ক্ষতিপূরণের টাকা প্রদান এবং বিল কপালিয়ায় জোয়ারাধার চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার বৈঠক ডাকা হয়েছে। জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ও চেয়ারম্যান এবং পানি ব্যবস্থাপনা কমিটির নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা এক বছরেরও বেশি সময় আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা দিয়েছি। কিন্তু জেলা প্রশাসন কৃষকদের ওই টাকা দিতে গড়িমসি করছে। এ কারণে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষুব্ধ হয়ে উঠছেন।’এদিকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি পূর্ব বিল খুকশিয়ায় জোয়ারাধার অব্যাহত রাখা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে গত রোববার অভয়নগরের ইউএনওর কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে কমিটির নেতারা আশঙ্কা করেছেন, পূর্ব বিল খুকশিয়ার চলমান জোয়ারাধার প্রকল্পটি এই মুহূর্তে অন্য কোনো বিলে স্থানান্তর করা হলে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও সদর উপজেলার প্রায় ৩৫০টি গ্রাম পুনরায় জলাবদ্ধতার শিকার হবে।পাউবো সূত্র জানায়, ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে ২০০৬ সালের ২৭ এপ্রিল তিন কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে কেশবপুরের পূর্ব বিল খুকশিয়ায় ৮৪৬ হেক্টর জমিতে তিন বছর মেয়াদি জোয়ারাধার চালু করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার ডায়েরখালী ও গোসয়ালে কেটে (কাটিং পয়েন্ট) বিলের সঙ্গে হরি নদের সংযোগ দেওয়া হয়। ২০০৮ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা চলছে। এ সময় বিলে কোনো ফসল হয়নি। সূত্র জানায়, ২০০৭ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিলটির ৬০০ হেক্টর জমির ক্ষতিপূরণের টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় পাউবো। এ জন্য পাউবো প্রতি শতাংশ জমি বার্ষিক ১২৮ টাকা ৫০ পয়সা হারে চার বছরের জন্য ক্ষতিপূরণের ছয় কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেয়। নিয়মানুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা জেলা প্রশাসনের। কিন্তু ২০১০ সালের জানুয়ারি মাসে পাউবো জেলা প্রশাসনের নামে প্রথম কিস্তিতে দুই বছরের তিন কোটি ৩৩ লাখ টাকা (৫০ শতাংশ) বরাদ্দ দেয়। আর তা থেকে এ পর্যন্ত মাত্র ২৫ জন কৃষক ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। এ টাকা দিতে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে কৃষকেরা অভিযোগ করেছেন।যশোরের জেলা প্রশাসক মো. নূরুল আমিন প্রথম আলোকে বলেন, কৃষকদের ক্ষতিপূরণের টাকা আরও উদারভাবে দেওয়ার জন্য কী করা যায়, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় কাগজপত্র আছে অথচ ক্ষতিপূরণের টাকা পাননি, এমন লোক একজনও পাওয়া যাবে না।