ভবদহে পুলিশের হামলার প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির
যশোরের ভবদহ বিলে পানিনিষ্কাশনের দাবিতে নওয়াপাড়ায় রাজপথ ও রেলপথে অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, নূর আহমদ বকুল, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ৫ অক্টোবর ভবদহ বিলে পানিনিষ্কাশনের দাবিতে আয়োজিত কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। এতে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব চৈতন্য পাল, সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়সহ শতাধিক নারী, পুরুষ ও শিশু আহত হয়। বিজ্ঞপ্তি।
জনগণের নয়, ছাত্রলীগের মূল্যবোধের অভাব হয়েছে: মোশাররফ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, জনগণের নয়, ছাত্রলীগের মূল্যবোধের অভাব হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহর স্মরণে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ওই স্মরণসভার আয়োজন করে।
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলার ঘটনা সম্পর্কে গত বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কেউ মেয়েটিকে বাঁচাতে এগিয়ে গেল না। কেন মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল?’ তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে খন্দকার মোশাররফ ওই মন্তব্য করেন।