ভবদহে ফের জলাবদ্ধতার আশঙ্কা
যশোরের ভবদহ এলাকায় পুনরায় জলাবদ্ধতার আশঙ্কা করছে স্থানীয় লোকজন। পূর্ব বিল খুকশিয়ার জোয়ারাধারের (টাইডাল রিভার ম্যানেজমেন্ট, সংক্ষেপে টিআরএম) প্রথম কাটিং পয়েন্টটি বেঁধে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্বিতীয় কাটিং পয়েন্টটি বেঁধে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিল কপালিয়ায় প্রস্তাবিত জোয়ারাধার এখনো চালু করতে পারেনি পাউবো। এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা ও জনপ্রতিনিধিদের আশঙ্কা, সমস্যার আশু সমাধান না হলে আগামী বর্ষা মৌসুমের আগেই পলি জমে নদীর বুক উঁচু হয়ে যাবে এবং অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে।জানা গেছে, লোনাপানি ঠেকিয়ে উপকূলীয় জলাভূমিকে সারা বছর কৃষিভূমিতে পরিণত করার জন্য ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এলাকার ৩৭টি পোল্ডার, এক হাজার ৫০০ কিলোমিটার বাঁধ ও ২৮২টি স্লুইসগেট নির্মাণ করা হয়। এরই অংশ হিসেবে যশোর ও খুলনা জেলার পাঁচটি উপজেলার সংযোগস্থল অভয়নগরের ভবদহে শ্রী নদীর ওপর নির্মিত হয় ভবদহ স্লুইসগেট। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এলাকার ৫২টি বিলের পানি নিষ্কাষিত হতো এই স্লুইসগেট দিয়ে। প্রথম দশকে বোরো ধানের ব্যাপক ফলন হয়।আশির দশকের শুরুতে গেটের বাইরে পলি জমে বাঁধের বাইরের নদী অধিক উঁচু হয়ে যায়। এতে বাঁধের ভেতরে দেখা দেয় জলাবদ্ধতা। ১৯৮৪ সাল থেকে এই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। পানিবন্দী হয়ে পড়ে অসংখ্য মানুষ। পানি সরানোর দাবিতে আন্দোলন শুরু করে ভুক্তভোগী মানুষ। আন্দোলনের মুখে তৎকালীন সরকার ২৫২ কোটি টাকা ব্যয়ে শুরু করে খুলনা-যশোর নিষ্কাশন পুনর্বাসন প্রকল্প। ২০০২ সালে প্রকল্পের কাজ শেষ হয়। শ্রী-হরি-টেকা নদীর পলি অপসারণ, খাল খনন ও বিল কেদারিয়ায় জোয়ারাধার নির্মাণ করা হয় এই প্রকল্পের আওতায়।২০০৫ সালের অক্টোবরে টানা বর্ষণে পুনরায় পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। এরপর ২০০৬ সালে চার দফা অতিবর্ষণে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার দেড় শতাধিক গ্রাম তলিয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে চার লক্ষাধিক মানুষ। পানি সরানোর দাবিতে ‘ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি’র নেতৃত্বে শুরু হয় অন্দোলন। তীব্র আন্দোলনের মুখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওই বছর শুরু হয় ৬৯ কোটি টাকা ব্যয়ে শ্রী-হরি-টেকা নদী পুনর্খনন, পূর্ব বিল খুকশিয়ায় জোয়ারাধার চালু ও আমডাঙ্গা খাল সংস্কার।পাউবো সূত্র জানায়, জোয়ারের সঙ্গে আসা পলি বিলে ফেলে বিল উঁচু করার পাশাপাশি নদীর নাব্যতা বাড়ানোর লক্ষ্যে ২০০৬ সালের ২৭ এপ্রিল তিন কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে কেশবপুর উপজেলার পূর্ব বিল খুকশিয়ায় ৮৪৬ হেক্টর জমিতে তিন বছর মেয়াদি জোয়ারাধার চালু করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার ডায়েরখালী ও গোসয়াল নামক স্থানে কেটে (কাটিং পয়েন্ট) বিলের সঙ্গে হরি নদীর সংযোগ দেওয়া হয়। প্রকল্প চলাকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় পাউবো। তিন বছর পর বিল কপালিয়ায় জোয়ারাধার চালুর সিন্ধান্ত নেয় পাউবো। ২০০৮ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা চালু আছে। কৃষকদের ক্ষতিপূরণও দেওয়া হয়নি। সম্প্রতি ক্ষতিপূরণের টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও টাকা প্রদানে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে কৃষকেরা অভিযোগ করেছেন। এরই মধ্যে ডায়েরখালী কাটিং পয়েন্ট বেঁধে দিয়েছে পাউবো। আজ বুধবারের মধ্যে ক্ষতিপূরণের টাকা না পেলে কাল বৃহস্পতিবার থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গোসয়াল কাটিং পয়েন্ট বেঁধে দেওয়ার হুমকি দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।মনোহরনগর গ্রামের কৃষক গোলাম রসুল বলেন, ‘অনেক ক্ষতি সহ্য করেছি, আর না। যতই বাধা আসুক, কাটিং পয়েন্ট বন্ধ করে দেবই।’ খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের কৃষক জামাল হোসেন সরদার বলেন, ‘ক্ষতিপূরণের টাকার জন্য অনেক দিন ধরে ঘুরছি। পাউবো আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে।’এদিকে বিল কপালিয়ায় গত তিন বছরেও প্রস্তাবিত জোয়ারাধার চালু করতে পারেনি পাউবো। বিল কপালিয়ার কৃষকেরা ক্ষতিপূরণের টাকা অগ্রিম না পেলে যেকোনো মূল্যে জোয়ারাধার চালু প্রতিরোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন।মনিরামপুরের কপালিয়া গ্রামের কৃষক পরিতোষ সরকার ও সুকুমার সরকার বলেন, ‘টিআরএম না হলে বাঁচার কোনো রাস্তা নেই। আবার টিআরএম হলে না খেয়ে মরতি হবে। জমিতে ফসল হবে না। আগে ক্ষতিপূরণ দিতি হবে, না হলি টিআরএম করতি দেব না।’অভয়নগরের উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘প্রথম কাটিং পয়েন্টটি বেঁধে দেওয়া মোটেও ঠিক হয়নি পাউবোর। বিল কপালিয়ার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা অগ্রিম বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সেই টাকা কৃষকদের দিয়ে টিআরএম চালু করতে গড়িমসি করছেন পাউবো কর্মকর্তারা।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দ্বিতীয় কাটিং পয়েন্টটি বন্ধ করে দিলে পলিতে নদী ভরাট হয়ে যাবে এবং এবার বর্ষায় গোটা ভবদহ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে।’ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী বলেন, ‘জলাবদ্ধ মানুষের আন্দোলনের ফসল টিআরএম। আর এই টিআরএম নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে পাউবো।’ তিনি বলেন, ‘দ্বিতীয় কাটিং পয়েন্ট অব্যাহত রাখা এবং বিল কপালিয়ায় টিআরএম চালু করতে ব্যর্থ হলে এর দায় পাউবোকেই নিতে হবে।’ প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘পূর্ব বিল খুকশিয়ার নিম্নাংশ ভরাট হয়ে যাওয়ায় প্রথম কাটিং পয়েন্টটি বেঁধে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি অমূলক নয়। তাঁরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। স্বভাবতই তাঁরা এখন মারমুখী।’ তিনি দাবি করেন, তাঁরা ক্ষতিপূরণের টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু জেলা প্রশাসন তা কৃষকদের দিতে দেরি করছে। নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘বিল কপালিয়ায় অনেক দিন ধরে টিআরএম চালু করার জন্য চেষ্টা করা হচ্ছে। আশা করছি, এক মাসের মধ্যে তা চালু করা সম্ভব হবে।’