ভবদহে বিল সেচে বোরো চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবদহ অঞ্চলের বিল ডুমুর কয়েক মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে। সেখান থেকে পানি সেচে বোরো চাষের উদ্যোগ নিয়েছেন এলাকার কৃষকেরা। চলতি বোরো মৌসুমের শেষ সময়ে তাঁরা ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে বিলের পানি নিষ্কাশন করছেন। ইতিমধ্যে বিলের উঁচু জমিতে ধান রোপণ শুরু হয়েছে।

যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এ অঞ্চলের পানি নিষ্কাশন করার একমাত্র মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদ-নদী নাব্যতা হারিয়েছে। তাই নদ-নদী দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। গত বছরের আগস্টে টানা বর্ষণে ভবদহ অঞ্চলের বেশির ভাগ অংশ তলিয়ে গিয়েছিল। সেই থেকে ভবদহ অঞ্চলের অন্যান্য বিলের মতো বিল ডুমুরও জলাবদ্ধ হয়ে আছে।

বিল ডুমুরের অবস্থান যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলায়। গত মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, মুক্তেশ্বরী নদী থেকে চৌরালী খাল প্রায় দুই কিলোমিটার দূরে বিল ডুমুরে গিয়ে মিশেছে। বিলের ওপরের অংশে মনিরামপুর উপজেলার হরিদাসকাটি গ্রাম। বিল থেকে কিছুটা সামনের দিকে গ্রামের একটি সেতুর কাছে খালটিতে আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে সাতটি ডিজেলচালিত সেচযন্ত্র বসিয়ে বিলের পানি সেচে খালে ফেলা হচ্ছে। পাশে আরও তিনটি সেচযন্ত্র রাখা হয়েছে। খাল থেকে পানি যাচ্ছে মুক্তেশ্বরী নদীতে। বিলের জেগে ওঠা জমিতে কৃষকেরা ব্যস্ত বোরোর চারা রোপণে।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, বিলে জমি আছে প্রায় পাঁচ হাজার বিঘা। এখানে অভয়নগর উপজেলার রাজাপুর, ফুলেরগাতী, হরিশপুর, মাগুরা, ধলিরগাতী, গাবখালী ও জিয়াডাঙ্গা এবং মনিরামপুর উপজেলার হরিদাসকাটি, আঠারোপাকিয়া, নাউলী, প্রতাপকাটি ও কাটাখালী গ্রামের কৃষকদের জমি রয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে ছয়টি ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে দিন-রাত বিলের পানি নিষ্কাশন করা হচ্ছে। পরে আরও চারটি সেচযন্ত্র কাজে লাগানো হয়েছে। এ পর্যন্ত ১ থেকে দেড় ফুট পানি কমেছে। বিলে এখনো ১ থেকে ২ ফুট পানি রয়েছে। তাঁরা আর বলেন, কৃষকেরা চাঁদা তুলে ডিজেল কিনে সেচযন্ত্র চালাচ্ছেন। মাছের ঘেরের মধ্যে জমিতে বিঘাপ্রতি ৪০০ টাকা এবং এর বাইরে বিঘাপ্রতি ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। সরকারি সহযোগিতাও তাঁরা পাননি। ইতিমধ্যে বিলের ওপরের অংশের জমি জেগে উঠেছে। ওই জমিতে বোরোর চারা রোপণ করা হচ্ছে। মৌসুম প্রায় শেষের পথে। আরও সপ্তাহখানেক সেচযন্ত্র চালানো হবে। সব মিলিয়ে বিলের প্রায় চার হাজার বিঘা জমিতে বোরোর আবাদ হতে পারে।

এই বিলে মনিরামপুরের হরিদাসকাটি গ্রামের কৃষক অসীম ধরের ১৩ বিঘা জমি রয়েছে। তিনি এ পর্যন্ত তিন বিঘা জমিতে ধান রোপণ করেছেন। তিনি বলেন, ‘এবার বোরোর আশা ছেড়েই দিয়েছিলাম। বিলের জল সেচের ফলে বোরো চাষ করা যাচ্ছে।আশা করছি, বাকি জমিতেও ধান চাষ করতে পারব।’

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী বলেন, ‘এটা একটা ভালো উদ্যোগ। আমরা সেচের জন্য ডিজেল কিনে দিতে পারিনি। তবে তাঁদের পরামর্শসহ অন্যান্য সহযোগিতা করছি।’