ভবদহে শ্রী নদীর বাঁধ অপসারণ
যশোরের অভয়নগর উপজেলার ভবদহে শ্রী নদীতে আড়াআড়িভাবে দেওয়া মাটির বাঁধের কিছু অংশ কেটে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল শনিবার শ্রমিকদের দিয়ে বাঁধের প্রায় ৩০ ফুট অংশ কাটা হয়। তবে নদীর অপর প্রান্তে থাকা ছয় ভেন্টের (কপাট) জলকপাটটি (স্লুইসগেট) খোলা হয়নি।
শ্রী নদীর ৩৩০ মিটার অংশ পুনঃখনন করে গত মাসে মাটির বাঁধ দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড। এক প্রান্তে মাটির বাঁধ এবং অপর প্রান্তে ছয় ভেন্টের জলকপাটটি বন্ধ থাকায় নদীর ওই অংশে মাছ চাষ করছিলেন এলাকার কিছু লোক।
দত্তগাতী গ্রামের বাপ্পী মণ্ডল বলেন, পুরো বাঁধটি অপসারণ এবং ছয় ভেন্টের গেটটি তুলে দেওয়া দরকার।
বাঁধ কাটার কাজ তদারকি করছিলেন ভবদহে কর্মরত পাউবো, যশোরের কার্যসহকারী ফারুক আহমদ মোল্লা। তিনি বলেন, মাটির বাঁধের দৈর্ঘ্য প্রায় ২০০ ফুট। ১৫ জন শ্রমিক দিয়ে বাঁধের মাঝ বরাবর প্রায় ৩০ ফুট অংশ কেটে দেওয়া হয়েছে। এতে দ্রুত পানি নেমে যাচ্ছে। তবে মাছ ধরার জন্য বাঁধের কাটা অংশে জাল দিয়ে রাখা হয়েছে। মাছ ধরার পর জাল তুলে নেওয়া হবে। ছয় ভেন্টের গেটগুলো পলিতে ডুবে আছে। এই মুহূর্তে তা তোলা সম্ভব নয়।