নদীর অবস্থা দেখতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা ভবদহ অঞ্চলের নদীগুলো পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার তাঁরা টেকা, শ্রী ও হরি নদী পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাঁরা ভবদহ স্লুইসগেটের (জলকপাট) পাশে বৈঠক করেন।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা গতকাল সকালে ভবদহে আসেন। এরপর তাঁরা খুলনার ডুমুরিয়া উপজেলার শোলগাতিয়া পর্যন্ত টেকা, শ্রী ও হরি নদীর অবস্থা ঘুরে দেখেন। নদীগুলো পরিদর্শন শেষে দুপুরে ভবদহ স্লুইসগেটের পাশে তাঁরা বৈঠক করেন। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ কুমার বাওয়ালীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির, সমন্বয়কারী বৈকুণ্ঠ বিহারী রায়, মনিরামপুর উপজেলার আহ্বায়ক গাজী আবদুল হামিদ, কেশবপুর উপজেলার আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, নাজিম উদ্দিন, মাসুদ হাসান, জহিরউদ্দিন সরদার, নাসির হায়দার, সনজিত বিশ্বাস, কামরুল সরদার, উত্তম বিশ্বাস প্রমুখ।
নেতারা বলেন, নদীগুলো ঘুরে বর্তমান অবস্থা দেখে তাঁরা আতঙ্কিত। নদীগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। পলিতে ভরাট হয়ে গেছে নদীগুলো। নদীতে পানি নেই, আছে তরল পলি। নদীগুলোতে জোয়ারের পানি আসছে না। পলিতে ভরাট নদী দিয়ে এবার বর্ষা মৌসুমে এক ফোঁটা পানিও বের হওয়ার সুযোগ নেই। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, এবার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং যশোর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে যাবে। নেতারা অতি দ্রুত বিল কপালিয়ায় জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) চালুর দাবি জানান। বৈঠকে সংগ্রাম কমিটির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবদহের সম্ভাব্য জলাবদ্ধতার ভয়াবহতা তুলে ধরে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ভবদহ অঞ্চলের মানুষের সচেতনতা সৃষ্টির জন্য সংগ্রাম কমিটির পক্ষ থেকে গ্রামে গ্রামে প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল জাহিদ বলেন, ‘নদীগুলোর অবস্থা দেখে আমরা রীতিমতো স্তম্ভিত। সমস্যা সমাধানে আমাদের সামনে আন্দোলনের কোনো বিকল্প নেই। আমরা প্রথমে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। এরপর সমস্যা তুলে ধরে সংবাদ সম্মেলন ও প্রচারপত্র বিতরণ করা হবে। পর্যায়ক্রমে আন্দোলন জোরদার করা হবে।’