ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে ছয় দফা দাবি জানিয়েছে ‘ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি’। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
দাবিগুলো হলো তিনটি এক্সকাভেটর (খনকযন্ত্র) দিয়ে শ্রী ও হরি নদীর পলি অপসারণ, অবিলম্বে আমডাঙ্গা খাল প্রশস্ত করে সোজাসুজি রাজাপুর খালের সঙ্গে সংযোগ, মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়ায় টিআরএম (জোয়ারাধার) প্রকল্প চালু, টেকা ও মুক্তেশ্বরী নদীর সঙ্গে উজানে ভৈরব-মাথাভাঙার সংযোগ স্থাপন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘর নির্মাণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং পাউবোর দুর্নীতি-অনিয়ম বন্ধ ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
সংগ্রাম কমিটি গতকাল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা শহরের নূরনগর এলাকায় পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থান কর্মসূচিও পালন করে।