ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানসহ ছয় দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানসহ ছয় দফা দাবিতে গতকাল যশোরের মনিরামপুর ইউএনওর কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করা হয় l ছবি: প্রথম আলো
ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানসহ ছয় দফা দাবিতে গতকাল যশোরের মনিরামপুর ইউএনওর কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করা হয় l ছবি: প্রথম আলো

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান, পানিবন্দী মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণসহ ছয় দফা দাবিতে যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে পানিবন্দী দুই সহস্রাধিক নারী-পুরুষ গতকাল মঙ্গলবার দুপুরে এ কর্মসূচিতে অংশ নেন।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে আরও তিনটি লং বুম এক্সকাভেটর দিয়ে শ্রী ও হরি নদীর পলি অপসারণ, মাঘী পূর্ণিমার (ফেব্রুয়ারি ২০১৭) আগে বিল কপালিয়ায় টিআরএম (জোয়ারাধার) প্রকল্প চালুর লক্ষ্যে অবিলম্বে এর কার্যক্রম গ্রহণ, ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ, পানিবন্দী মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, এনজিওর ঋণের সাপ্তাহিক কিস্তি আদায় বন্ধ এবং আমডাঙ্গা খালের সঙ্গে রাজাপুর খালের সরাসরি সংযোগ ও সংস্কার।
গতকাল দুপুরে ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষ দলে দলে মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে সমবেত হতে থাকেন। ‘পানি সরাও, মানুষ বাঁচাও’, ত্রাণ চাই না, পরিত্রাণ চাই’ স্লোগান দিয়ে তাঁরা দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ইউএনওর কার্যালয় ঘেরাও করে রাখেন। এ সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুলটিয়া ইউনিয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক নুরুল হক দফাদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ও যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইকবাল কবির জাহিদ, মনিরামপুর উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক গাজী আবদুল হামিদ, সংগ্রাম কমিটির নেতা আশরাফুল ইসলাম, নাজমুল হক, মোজাফ্ফর হোসেন, শেখ ইসমাইল, মাস্টার হামিদুল ইসলাম, চৈতন্য কুমার পাল, দিলীপ কুন্ডু, সনজিদ বিশ্বাস প্রমুখ। সমাবেশ চলাকালে তাঁদের এ দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। এরপর ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। ইউএনও কামরুল হাসান তাঁদের দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং দ্রুত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেন।
উপজেলার ডাঙ্গা মহিষদিয়া গ্রামের আমেনা সরদার (৭৫) বলেন, ‘ঘরের মদ্যি হাঁটুপানি। সবকিছু নিয়ে রাস্তায় উঠিছি। পানি সরাতি এহানে আইছি।’ পদ্মনাথপুর গ্রামের সুন্দরী বিবি (৬৩) বলেন, ‘বাড়িঘর পানিতি তলায়ে আছে। রাস্তার উপর থাকি। পানি সরানোর জন্যি আইছি।’ দোহাকুলা গ্রামের তাপস দাস (৪২) বলেন, ‘বাড়িতে জল। থাকা যাচ্ছে না। রাস্তায় আশ্রয় নিয়েছি।’